November 28, 2026
দেশ বিদেশ

এইচডিএফসি-র ইউপিআইয়ে নতুন নিয়ম, বন্ধ এসএমএস

সংবাদ কলকাতা: নতুন বছরের শুরু থেকেই ইউপিআই লেনদেনের ক্ষেত্রে নিয়মে বদল আনতে চলেছে এইচডিএফসি ব্যাঙ্ক। আগামী ১ জানুয়ারি, ২০২৭ থেকে ৫০০ টাকা বা তার কম অঙ্কের ইউপিআই লেনদেনের জন্য গ্রাহকদের আর এসএমএস অ্যালার্ট পাঠানো হবে না। তবে ৫০০ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে আগের মতোই মোবাইলে এসএমএসের মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠাবে বেসরকারি এই ব্যাঙ্ক।

ব্যাঙ্কের তরফে ইতিমধ্যেই গ্রাহকদের এসএমএস পাঠিয়ে এই পরিবর্তনের কথা জানানো হয়েছে। নতুন নিয়ম কার্যকর হলে ১০০, ২০০ কিংবা ৫০০ টাকার মতো ছোট অঙ্কের ইউপিআই লেনদেনের পর আর মোবাইলে কোনও এসএমএস পাবেন না গ্রাহকরা। তবে এতে লেনদেন সংক্রান্ত তথ্য জানার সুযোগ বন্ধ হচ্ছে না।

এইচডিএফসি ব্যাঙ্ক জানিয়েছে, সমস্ত ইউপিআই লেনদেনের ক্ষেত্রেই ইমেলের মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠানো অব্যাহত থাকবে। অর্থাৎ, গ্রাহকের ইমেল আইডি ব্যাঙ্কের কাছে নথিভুক্ত ও আপডেট করা থাকলে প্রতিটি লেনদেনের তথ্য ইমেলের মাধ্যমে জানতে পারবেন তিনি।

মূলত ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) সংশোধিত নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, ৫০০ টাকার বেশি অঙ্কের সমস্ত বৈদ্যুতিন ব্যাঙ্কিং লেনদেনের ক্ষেত্রে গ্রাহককে অবিলম্বে এসএমএস অ্যালার্ট পাঠাতে হবে। তবে ৫০০ টাকা বা তার কম অঙ্কের লেনদেনের ক্ষেত্রে এসএমএস পাঠানো হবে কি না, তা সংশ্লিষ্ট ব্যাঙ্ক নিজেদের নীতি অনুযায়ী ঠিক করতে পারবে।

অন্য দিকে, আরবিআইয়ের নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, গ্রাহকের ইমেল আইডি ব্যাঙ্কে নথিভুক্ত থাকলে প্রতিটি বৈদ্যুতিন লেনদেনের জন্য ইমেল অ্যালার্ট পাঠাতে হবে। ফলে ছোট অঙ্কের লেনদেনে এসএমএস বন্ধ হলেও ইমেল বিজ্ঞপ্তি বন্ধ করতে পারবে না ব্যাঙ্কগুলি। পাশাপাশি এই ধরনের সতর্কবার্তা পাঠানোর জন্য গ্রাহকের কাছ থেকে কোনও অতিরিক্ত মাসুল নেওয়ারও অনুমতি নেই।

তবে এই নিয়ম পরিবর্তনের পিছনে নির্দিষ্ট কোনও কারণ জানায়নি এইচডিএফসি ব্যাঙ্ক। নতুন নিয়ম চালু হলে ছোট অঙ্কের ইউপিআই লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের মোবাইলে এসএমএস না এলেও ইমেলের মাধ্যমে লেনদেনের তথ্য পাওয়ার ব্যবস্থা বহাল থাকবে।

Related posts

Leave a Comment