November 28, 2026
রাজ্য

খাসির মাংসে পচা মাংস মেশানোর অভিযোগ, উত্তেজনা কাকদ্বীপে

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা— শনিবার সকালে কাকদ্বীপের বামুনের মোড় এলাকায় একটি খাসির মাংসের দোকানকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। অনুষ্ঠান বাড়ির জন্য কেনা মাংসের মধ্যে টাটকা মাংসের সঙ্গে পচা মাংস মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দোকানদারের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্রেতা ও বিক্রেতার মধ্যে বচসা শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাকদ্বীপ থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি নামী মাংস বিক্রয় প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ওই দোকানটি দীর্ঘদিন ধরে ব্যবসা করছে। সম্প্রতি একটি অনুষ্ঠানের জন্য ওই দোকানে খাসির মাংসের অর্ডার দিয়েছিল স্থানীয় একটি পরিবার। অভিযোগ, অর্ডার অনুযায়ী মাংস সরবরাহ করা হলেও তার মধ্যে বেশ কিছু পচা মাংস মিশিয়ে দেওয়া হয়েছিল।রান্নার প্রস্তুতির সময় মাংসের গুণমান নিয়ে সন্দেহ হয় পরিবারের সদস্যদের। পরীক্ষা করে তাঁরা পচা মাংস দেখতে পান বলে অভিযোগ। এরপরই সরবরাহ করা মাংস দোকানে ফিরিয়ে নিয়ে যান তাঁরা। কিন্তু প্রথমে অভিযোগ মানতে চাননি দোকানদার। তা নিয়েই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরিবারের দাবি, পরে দোকানদার নিজের ভুল স্বীকার করে নেন।

ঘটনার খবর পেয়ে কাকদ্বীপ থানার পুলিশ সেখানে পৌঁছয়। সরবরাহ করা মাংসের নমুনা সংগ্রহ করেছেন তদন্তকারীরা। কী ধরনের মাংস সরবরাহ করা হয়েছিল এবং তাতে কোনও অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্য দিকে, খাদ্যপণ্যের গুণমান যাচাই করতে কাকদ্বীপের উকিলের বাজার এবং নামখানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে খাদ্য সুরক্ষা দপ্তর। সবজি, মুদিখানা ও খাবারের দোকানে গিয়ে পণ্যের দাম এবং গুণমান সম্পর্কে খোঁজখবর নেন আধিকারিকরা। খাবারে কৃত্রিম রং কিংবা ক্ষতিকর রাসায়নিক মেশানো হচ্ছে কি না, তাও পরীক্ষা করে দেখা হয়। দোকানদারদের প্রয়োজনীয় সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

তবে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানের পরেও কাকদ্বীপের মাংসের দোকানকে ঘিরে ওঠা অভিযোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তদন্তের পরেই ঘটনার প্রকৃত সত্য সামনে আসবে বলে মনে করছে পুলিশ।

Related posts

Leave a Comment