নয়াদিল্লি — বিদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। ভিসার প্রধান বিভাগ ১৩টি থেকে কমিয়ে ৯টি করা হয়েছে। পাশাপাশি আবেদনপত্রের প্রয়োজনীয় তথ্যের ঘরও ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। বুধবার (১১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই পরিবর্তনের কথা জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, পর্যটনের পাশাপাশি আরও বিভিন্ন উদ্দেশ্যে ভারতে আসা বিদেশিদের সুবিধার কথা মাথায় রেখে ‘ট্যুরিস্ট ভিসা’-র নাম বদলে ‘ভিজিটর ভিসা’ করা হয়েছে। নতুন ব্যবস্থায় ব্যবসায়িক বৈঠক, চিকিৎসা সংক্রান্ত পরামর্শ, স্বল্পমেয়াদি চিকিৎসা এবং সাংস্কৃতিক প্রশিক্ষণের মতো বিষয়ও এই ভিসার আওতায় আনা হয়েছে।
নতুন নিয়মে ভিজিটর ভিসাকে দু’টি ভাগে বিভক্ত করা হয়েছে। ভি-১ এবং ভি-২ নামে এই দুই বিভাগের মাধ্যমে ভ্রমণের উদ্দেশ্য ও সময়সীমা অনুযায়ী ভিসা দেওয়া হবে।
ভি-১ ভিসা মূলত স্বল্পমেয়াদি সফরের জন্য। এর আওতায় পর্যটন, ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা কেন্দ্রে যাওয়া এবং ভারতীয় ভাষা, সঙ্গীত ও চারুকলার স্বল্পমেয়াদি প্রশিক্ষণ নেওয়া যাবে। এই ভিসায় ৩০ দিনের জন্য একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে।
অন্যদিকে, দীর্ঘমেয়াদি সফরের জন্য রাখা হয়েছে ভি-২ ভিসা। এই ভিসার মেয়াদ এক বছর, পাঁচ বছর অথবা ১০ বছর হতে পারে। ভি-১-এর আওতাভুক্ত কার্যকলাপের পাশাপাশি পর্বতারোহণের সুযোগও থাকছে এতে। পর্বতারোহণের জন্য ছ’মাসের বিশেষ ভিসা দেওয়া হবে।
এ ছাড়াও বিদেশি বিশেষজ্ঞ, ইঞ্জিনিয়ার ও প্রযুক্তিগত কর্মীদের জন্য ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’ নামে নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। ভারতীয় সংস্থায় উৎপাদন, যন্ত্রপাতি স্থাপন, গুণমান যাচাই, প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ এবং প্রযুক্তি হস্তান্তরের মতো কাজে যুক্ত বিদেশি কর্মীরা এই ভিসার সুবিধা পাবেন।
মন্ত্রকের বক্তব্য, একই ধরনের ভ্রমণের উদ্দেশ্যগুলিকে একত্রিত করার ফলে বিদেশি নাগরিকদের পক্ষে সঠিক ভিসা নির্বাচন করা সহজ হবে। পাশাপাশি আবেদনপত্র পূরণে সময় ও শ্রম কমবে এবং প্রশাসনিক কাজেও গতি আসবে।
উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবর মাসে ভিসা ব্যবস্থার প্রথম পর্যায়ের সংস্কার করা হয়েছিল। তখন প্রধান ভিসা বিভাগের সংখ্যা ২২ থেকে কমিয়ে ১৩ এবং উপ-বিভাগ ৬৩ থেকে কমিয়ে ৪৯ করা হয়। এ বার দ্বিতীয় পর্যায়ে আরও পরিবর্তন আনা হল। বর্তমানে ১৭২টি দেশের নাগরিকদের জন্য ই-ভিসার সুবিধা রয়েছে। নতুন নিয়ম কার্যকর করতে প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা আপডেট করছে কেন্দ্র। বছরের শেষ নাগাদ সংশোধিত ব্যবস্থায় ভিসা দেওয়া শুরু হওয়ার কথা।
previous post
next post
