শিলিগুড়ি — বৃহস্পতিবার ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি-সহ একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়। শুধু উত্তরবঙ্গ নয়, সিকিম, বিহার, নেপাল ও ভুটানেও কম্পন টের পাওয়া গিয়েছে। ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপাল-সিকিম সীমান্তবর্তী এলাকা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোর সাড়ে ৪টে নাগাদ আচমকাই কেঁপে ওঠে ঘরবাড়ি। সেই সময় অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকলেও যাঁরা জেগে ছিলেন, তাঁরা কম্পন অনুভব করেন। আতঙ্কে অনেকেই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
ভূমিকম্পের কেন্দ্রস্থল সিকিমের ইয়কসম থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ছিল বলে জানা গিয়েছে। ফলে সিকিমের বিভিন্ন এলাকার পাশাপাশি দার্জিলিং ও কালিম্পংয়েও কম্পন অনুভূত হয়। বাংলাদেশের কয়েকটি এলাকাতেও মৃদু কম্পন টের পাওয়া গিয়েছে বলে খবর।
তবে এখনও পর্যন্ত এই ভূমিকম্পে কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
উল্লেখ্য, গত জুন মাসেও ভুটানে শক্তিশালী ভূমিকম্পের জেরে কেঁপে উঠেছিল উত্তরবঙ্গ। সে বার ভুটানের রাজধানী থিম্পু থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। সেই কম্পন ভারত, চিন, বাংলাদেশ ও নেপালের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছিল। উত্তরবঙ্গের পাশাপাশি অসম ও মেঘালয়েও কম্পন টের পেয়েছিলেন বাসিন্দারা।
previous post
