November 12, 2026
রাজ্য

আট বছর পরিচয় গোপন, উস্তিতে ধৃত বাংলাদেশি যুবক

উস্তি, ১২ নভেম্বর — আট বছর ধরে পরিচয় গোপন করে দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে বসবাসের অভিযোগে গ্রেফতার হলেন এক বাংলাদেশি যুবক। পাসপোর্টের পুলিশি যাচাই করতে গিয়েই তাঁর আসল পরিচয় সামনে আসে। এই ঘটনায় যুবককে আশ্রয় দেওয়ার অভিযোগে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

ধৃত যুবকের নাম ইমরান হোসেন শরিফ। তবে ভারতে তিনি ইমরান হোসেন মোল্লা নামে পরিচিত ছিলেন। দ্বিতীয় ধৃত পিয়ার আলি মোল্লা উস্তি থানার জগদীশ নগরের বাসিন্দা। ডায়মন্ড হারবারের এসডিপিও বিজয় যাদব এই গ্রেফতারের কথা জানিয়েছেন।

পুলিশ সূত্রে খবর, প্রায় আট বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসেন ইমরান। এরপর জগদীশ নগরে পিয়ার আলির বাড়িতে আশ্রয় নেন তিনি। অভিযোগ, পিয়ার আলিকে নিজের বাবা পরিচয় দিয়ে ভারতীয় নাগরিক হিসেবে বসবাস শুরু করেন ইমরান। পরবর্তী সময়ে পিয়ার আলির মেয়েকে বিয়ে করেন তিনি। ফলে শ্বশুরকেই বাবা পরিচয় দিয়ে নিজের পরিচয় গোপন রাখার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

এমনকি পিয়ার আলির ছেলে পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন রাজ্যে কাজের সন্ধানেও যাতায়াত করতেন ইমরান। এ ভাবেই দীর্ঘ আট বছর কেটে যায়। কিন্তু পাসপোর্ট তৈরির জন্য আবেদন করতেই বিপাকে পড়েন তিনি।
সম্প্রতি পাসপোর্টের জন্য ডিআইবি দপ্তরে পুলিশি যাচাই করতে যান ইমরান। নথিপত্র পরীক্ষা করতে গিয়ে আধিকারিকদের নজরে আসে একটি অস্বাভাবিক বিষয়। সেখানে তাঁর বাবার নাম এবং স্ত্রীর বাবার নাম একই রয়েছে। এই তথ্য ঘিরেই সন্দেহ তৈরি হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই পরিচয় সংক্রান্ত অসঙ্গতি সামনে আসে বলে পুলিশ সূত্রে খবর।

এর পরই ইমরান এবং তাঁকে আশ্রয় দেওয়ার অভিযোগে পিয়ার আলিকে গ্রেফতার করা হয়। কীভাবে এত বছর ধরে ভুয়ো পরিচয়ে তিনি বসবাস করছিলেন এবং এর পিছনে অন্য কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Related posts

Leave a Comment