November 11, 2026
Uncategorized

পরিচ্ছন্নতায় জাতীয় সম্মান পাচ্ছে তারকেশ্বর

নিজস্ব সংবাদদাতা, হুগলি— পরিচ্ছন্নতা এবং বৈজ্ঞানিক বর্জ্য ব্যবস্থাপনায় জাতীয় স্তরে নজির গড়ল হুগলির তারকেশ্বর পুরসভা। শ্রাবণী মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় সামলেও শহর ও মন্দির চত্বর পরিচ্ছন্ন রাখার স্বীকৃতি হিসেবে কেন্দ্রীয় সরকারের বিশেষ সম্মান পেতে চলেছে এই পুরসভা। বুধবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন পুরসভার প্রতিনিধিরা। তারকেশ্বরের এই সাফল্যে খুশি স্থানীয় প্রশাসন।

প্রতি বছর শ্রাবণ মাসে তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দিরে পুজো দিতে ভিড় জমান লক্ষ লক্ষ ভক্ত। বিশেষ করে শ্রাবণী মেলা চলাকালীন শহরের জনসংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। এত বিপুল মানুষের আনাগোনার ফলে মন্দির চত্বর, দুধপুকুর এবং শহরের বিভিন্ন এলাকায় বর্জ্য জমে যাওয়ার আশঙ্কা থাকে। সেই পরিস্থিতি সামাল দিতে এবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছিল তারকেশ্বর পুরসভা। প্রশাসনের দাবি, পরিকল্পিত উদ্যোগ এবং কর্মীদের নিরলস পরিশ্রমের ফলেই শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব হয়েছে।

পুরসভা সূত্রে খবর, পরিচ্ছন্নতার কাজকে আরও সুশৃঙ্খল করতে গোটা শহরকে ১০টি জোনে ভাগ করা হয়েছিল। ১৪ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে মোট ১৮০ জন সাফাইকর্মী দু’টি শিফটে দিনরাত কাজ করেছেন। মেলা চলাকালীন যাতে কোথাও আবর্জনা জমে না থাকে, সেদিকে বিশেষ নজর রাখা হয়েছিল। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল বাবা তারকনাথের মন্দির চত্বর এবং পবিত্র দুধপুকুরের পরিচ্ছন্নতার উপর।

মন্দির এলাকায় প্রতিটি শিফটে ৫০ থেকে ৬০ জন কর্মী মোতায়েন ছিলেন। পুণ্যার্থীদের ফেলে যাওয়া প্লাস্টিকের ঘট, ফুল, বেলপাতা-সহ বিভিন্ন ধরনের বর্জ্য নিয়মিত সরিয়ে ফেলা হয়েছে। শুধু মেলা চলাকালীন নয়, মেলা শেষ হওয়ার পরেও পরিচ্ছন্নতার কাজ অব্যাহত ছিল।

পুরসভার দেওয়া তথ্য অনুযায়ী, মেলা চলাকালীন এবং পরবর্তী সময়ে সব মিলিয়ে তারকেশ্বর শহর থেকে ১৫০০ মেট্রিক টনেরও বেশি বর্জ্য সরানো হয়েছে। এর মধ্যে মেলা চলাকালীন সংগৃহীত ৫০০ মেট্রিক টনেরও বেশি বর্জ্য বৈজ্ঞানিক ও পরিবেশবান্ধব পদ্ধতিতে প্রক্রিয়াকরণের জন্য পাঠানো হয়েছিল বৈদ্যবাটি রিজিওনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সেন্টারে।

প্রশাসনিক মহলের মতে, ধর্মীয় উৎসব ও বড় জনসমাগমের সময় পরিচ্ছন্নতা বজায় রাখা পুরসভাগুলির কাছে বড় চ্যালেঞ্জ। তারকেশ্বর সেই চ্যালেঞ্জ সামলে জাতীয় স্তরে স্বীকৃতি পাওয়ায় রাজ্যের অন্যান্য পুরসভার কাছেও নতুন দৃষ্টান্ত তৈরি হল। বিশেষ করে ধর্মীয় পর্যটনকেন্দ্রগুলিতে বর্জ্য ব্যবস্থাপনা কীভাবে আরও উন্নত করা যায়, তারকেশ্বরের এই উদ্যোগ সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

Related posts

Leave a Comment