সংবাদ কলকাতা: রাজ্যে বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধির দাবিতে নীতিগত ভাবে সায় দিলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিংহ। তবে কত টাকা ভাড়া বাড়বে, কবে থেকে তা কার্যকর হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পরেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। ফলে দীর্ঘদিন ধরে ভাড়া বৃদ্ধির দাবিতে সরব বাসমালিকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে আসছেন মালিকেরা। মঙ্গলবার সেই দাবিকে কার্যত সমর্থন করেছেন পরিবহণমন্ত্রী। তাঁর বক্তব্য, জ্বালানি তেলের দাম বেড়েছে, পাশাপাশি বাসচালকদের পারিশ্রমিকও আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে যাত্রীদের উন্নত পরিষেবা দিতে গেলে বাসের ভাড়া বাড়ানো প্রয়োজন। মন্ত্রীর কথায়, ‘সঠিক এবং ন্যায্য ভাবে বাসের ভাড়া বৃদ্ধি হবে।’

বাসমালিকদের তরফে অবশ্য আরও নির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে। তাঁদের দাবি, বাসে উঠলেই ন্যূনতম ভাড়া ১৮ টাকা করতে হবে। এই প্রস্তাব আপাতত সরকারের বিবেচনাধীন। পরিবহণমন্ত্রী জানিয়েছেন, পুরো বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। তার পরেই ভাড়া বৃদ্ধির অঙ্ক এবং কার্যকর হওয়ার সময় জানানো হবে।
এর আগে বেসরকারি বাসমালিকদের সংগঠন ‘অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি’ পরিবহণমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিয়েছিল। সেখানে বাস চালানোর দৈনন্দিন আয় ও ব্যয়ের হিসাব তুলে ধরে ভাড়া বৃদ্ধির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হয়। সংগঠনের দাবি, ২০১৮ সালে শেষ বার বাসভাড়া বাড়ানোর সময় প্রতি লিটার ডিজেলের দাম ছিল ৬৮ টাকা। বর্তমানে সেই দাম বেড়ে প্রায় ১০০ টাকা হয়েছে। ফলে পুরনো ভাড়ায় বাস চালিয়ে পরিষেবা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।
বাসমালিকদের হিসাব অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে বাস চালাতে সামগ্রিক ভাবে প্রায় ৬৯ শতাংশ ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের। জ্বালানি, কর্মীদের বেতন এবং অন্যান্য পরিচালন খরচ বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি তাঁদের। সেই কারণেই দীর্ঘদিন ধরে ভাড়া পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন বাসমালিকেরা।
পরিবহণমন্ত্রীর ইতিবাচক ইঙ্গিতকে স্বাগত জানিয়েছে সিটি সাবার্বান বাস সার্ভিসও। সংগঠনের তরফে টিটু সাহা জানিয়েছেন, রাজ্য সরকার যে এ বার নীতিগত ভাবে বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের দিকে এগোচ্ছে, তা তাঁদের কাছে আশাব্যঞ্জক। পরিবহণমন্ত্রীর সঙ্গে আলোচনা সদর্থক হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তাঁদের আশা, খুব শীঘ্রই সরকার ভাড়া সংক্রান্ত ইতিবাচক সিদ্ধান্ত ঘোষণা করবে।
তবে ভাড়া বাড়লে সাধারণ যাত্রীদের পকেটে কতটা চাপ পড়বে, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। বিশেষ করে প্রতিদিন বাসে যাতায়াত করেন এমন বহু মানুষের দৈনন্দিন খরচ বাড়তে পারে। এখন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সরকার কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে বাসমালিক থেকে শুরু করে সাধারণ যাত্রীরা।
