October 31, 2026
রাজ্য

দত্তপুকুরে সাড়ে তিন বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা— উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে সাড়ে তিন বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল চল্লিশোর্ধ্ব এক ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম অর্জুন সর্দার। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। অন্য দিকে, শিশুটির শারীরিক পরীক্ষার জন্য বারাসত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় বলে অভিযোগ পরিবারের। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দত্তপুকুর থানার নীলগঞ্জ ফাঁড়ির অন্তর্গত সুভাষনগরে ভাড়া থাকেন শিশুটির পরিবারের সদস্যেরা। কয়েক মাস আগেই তাঁরা ওই এলাকায় বসবাস শুরু করেন। অভিযুক্ত অর্জুন সর্দার এলাকার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। অভিযোগ, সেই সময় শিশুটিকে পাশের একটি বাড়ির ছাদে নিয়ে গিয়ে তার উপর যৌন নির্যাতন করেন তিনি।

ঘটনার পর বৃহস্পতিবার শিশুটিকে নিয়ে তাঁর মা বাপের বাড়িতে চলে যান। শুক্রবার পরিবারের অন্য সদস্যেরা বিষয়টি জানতে পারলে এলাকায় উত্তেজনা ছড়ায়। এরপর মা ও শিশুটিকে সুভাষনগরে ফিরিয়ে আনা হয়। পরিবারের সদস্যেরা নীলগঞ্জ ফাঁড়িতে গিয়ে অভিযোগ জানানোর চেষ্টা করেন। তাঁদের দাবি, পুলিশ প্রথমে অভিযোগ নিতে গড়িমসি করে। পরে লিখিত অভিযোগ দায়ের হলে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়।



পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত নিজের অপরাধের কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাঁকে বারাসত আদালতে হাজির করানোর কথা।

এ দিকে, ঘটনার পর শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য বারাসত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। পরিবারের অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত মহিলা চিকিৎসক না থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে তাঁদের। সেই সময় একমাত্র মহিলা চিকিৎসক অস্ত্রোপচারের কাজে ব্যস্ত ছিলেন বলে দাবি পরিবারের। প্রায় পাঁচ ঘণ্টা অপেক্ষার পর শিশুটির স্বাস্থ্যপরীক্ষা সম্পন্ন হয় বলে অভিযোগ। চিকিৎসায় এই বিলম্বের প্রতিবাদে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কর্তৃপক্ষ।

শিশুটির পরিবারের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি, এমন সংবেদনশীল ঘটনায় হাসপাতালে যাতে দ্রুত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থা করা যায়, তা নিশ্চিত করার দাবিও উঠেছে।

Related posts

Leave a Comment