নিজস্ব সংবাদদাতা, মালদহ— মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। মালদহের কালিয়াচকে একটি চারচাকা গাড়ি থেকে উদ্ধার হল ২ কেজি ৬৮৮ গ্রাম ব্রাউন সুগার। বাজেয়াপ্ত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা। এই ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের সঙ্গে কোনও বড় মাদক পাচারচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে কালিয়াচক থানার ১২ নম্বর জাতীয় সড়কের মধুঘাট এলাকায় অভিযান চালান এসটিএফের আধিকারিকেরা। সেই সময় একটি চারচাকা গাড়ির গতিবিধি দেখে সন্দেহ হয় তাঁদের। গাড়িটি আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ ব্রাউন সুগার। এরপর গাড়িতে থাকা তিন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা।
ধৃতদের নাম মাসুদ রহমান, হাসিবুর রহমান এবং মহম্মদ নাবিউল হক। তাঁদের বয়স যথাক্রমে ২০, ৩৭ এবং ২৭ বছর। তিন জনেরই বাড়ি কালিয়াচক থানার গয়েশবাড়ি এলাকায়। উদ্ধার হওয়া মাদক বাজেয়াপ্ত করার পাশাপাশি পাচারের কাজে ব্যবহৃত গাড়িটিও আটক করা হয়েছে।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ধৃতেরা কোনও বড় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন। কোথা থেকে ব্রাউন সুগার সংগ্রহ করা হয়েছিল, কোথায় তা নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল এবং এই কারবারে আর কারা জড়িত, তা জানতে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শনিবার ধৃত তিন জনকে মালদহ জেলা আদালতে হাজির করিয়ে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। তদন্তকারীদের আশা, তাঁদের জিজ্ঞাসাবাদে মাদক পাচারের নেপথ্যে থাকা অন্যদের সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
previous post
