ইভিএম (EVM) নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে মঙ্গলবার দুপুরে কলকাতার দেশপ্রিয় পার্ক (Deshapriya Park) এলাকা থেকে গ্রেপ্তার করা হল ‘বাংলা পক্ষ’(Bangla Pokkho)-র প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় (Garga Chatterjee)-কে। কলকাতা উত্তরের জেলা নির্বাচনী আধিকারিকের অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে পুলিশ (Kolkata Police) সূত্রে খবর। তবে গ্রেপ্তারের সময় তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর কাছ থেকে ২৪ রাউন্ড কার্তুজ উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের সময় গর্গ একাধিক সমাজমাধ্যম পোস্টে ইভিএমের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি দাবি করেছিলেন, রাতে সিল করা ইভিএম গণনার সময় বিকল হচ্ছে কেন, তা নিয়ে সন্দেহ রয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশন (Election Commission)-এর বিরুদ্ধে ‘বিশেষ পরিকল্পনা’র ইঙ্গিতও দিয়েছিলেন তিনি।
নির্বাচন কমিশনের অভিযোগ, এই ধরনের মন্তব্য সাধারণ মানুষের মধ্যে নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি এবং অনাস্থা তৈরি করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই কলকাতা পুলিশের সাইবার বিভাগ তদন্ত শুরু করে। পরে মঙ্গলবার দেশপ্রিয় পার্ক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তবে এই গ্রেপ্তারির সময় আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। পুলিশ সূত্রে খবর, গর্গ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর কাছ থেকে ২৪ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। ওই কার্তুজ কী উদ্দেশ্যে বহন করা হচ্ছিল এবং তার সমস্ত নথিপত্র বৈধ কি না, তা এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ভোটের আগেও নির্বাচন কমিশনের সঙ্গে বাংলা পক্ষের সংঘাত সামনে এসেছিল। পয়লা বৈশাখ উপলক্ষে সংগঠনের শোভাযাত্রার অনুমতি দেয়নি কমিশন। সেই সময় বাংলা পক্ষ অভিযোগ করেছিল, বাঙালি সংস্কৃতি এবং গৌরবকে বাধা দেওয়া হচ্ছে। যদিও নির্বাচন কমিশনের বক্তব্য ছিল, আদর্শ আচরণবিধি কার্যকর থাকায় সেই অনুমতি দেওয়া সম্ভব হয়নি।
২০১৭ সালের ২৫ ডিসেম্বর পথচলা শুরু করে বাংলা পক্ষ। বাঙালি অস্মিতা, বাংলা ভাষার প্রসার এবং তথাকথিত ‘হিন্দি আধিপত্য’-র বিরোধিতাকে সামনে রেখেই সংগঠনটি নিজেদের রাজনৈতিক অবস্থান তৈরি করে। সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে বাঙালি যুবকদের অগ্রাধিকার, সরকারি কাজে বাংলা ভাষার বাধ্যতামূলক ব্যবহার এবং সমস্ত শিক্ষাবোর্ডে বাংলাকে আবশ্যিক করার দাবিও তুলেছিল তারা।
তবে রাজনৈতিক মহলে গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ঘনিষ্ঠতার অভিযোগও রয়েছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, গর্গ চট্টোপাধ্যায় নিজেকে বাংলা ভাষা ও সংস্কৃতির রক্ষক হিসেবে তুলে ধরলেও তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই তৃণমূল ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে। নির্বাচনের ফল প্রকাশের পর সমাজমাধ্যমে তাঁকে নিয়ে জোর চর্চার মধ্যেই এই গ্রেপ্তারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
এখন তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ইভিএম নিয়ে তাঁর মন্তব্য শুধুই ব্যক্তিগত মত ছিল, নাকি এর পিছনে আরও বড় কোনও পরিকল্পনা ছিল। বুধবার তাঁকে আদালতে তোলা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।
