মেক্সিকো সিটি— দীর্ঘ ৪০ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জয় পেয়েছে মেক্সিকো। সেই ঐতিহাসিক সাফল্য উদ্যাপন করতে রাস্তায় নেমেছিলেন হাজার হাজার সমর্থক। কিন্তু আনন্দের আবহ মুহূর্তেই পরিণত হল শোকে। উৎসবের ভিড়ে দমবন্ধ হয়ে মৃত্যু হল তিন সমর্থকের।
বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে পরের পর্বে জায়গা করে নেয় মেক্সিকো। ম্যাচ শেষ হওয়ার পর রাজধানী মেক্সিকো সিটির ‘অ্যাঞ্জেল অফ ইন্ডিপেন্ডেন্স’ চত্বরে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে বিজয় উৎসবে মাতেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ভিড় ক্রমশ বাড়তে থাকায় কয়েকজন সমর্থক অসুস্থ হয়ে পড়েন। পাসেয়ো দে লা রিফর্মা এলাকার বিভিন্ন স্থান থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
শহরের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন ৪৪ বছরের এক ব্যক্তি, ১৯ বছরের এক তরুণী এবং ৪৮ বছরের এক মহিলা। প্রথম দু’জনকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দিয়ে বাঁচানোর চেষ্টা করা হলেও শেষরক্ষা হয়নি। অপর মহিলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান।
ঘটনার পর শোকপ্রকাশ করেছেন মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি সকল সমর্থকের উদ্দেশে দায়িত্বশীল ও নিরাপদভাবে উৎসব পালনের আবেদন জানিয়েছেন।
