27.8 C
Kolkata
July 5, 2026
Featured

ইনস্টাগ্রামে আপত্তিজনক বিজ্ঞাপন নিয়ে মেটাকে কড়া নোটিস কেন্দ্রের, ৭ দিনের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ

ইনস্টাগ্রামে আপত্তিজনক বিজ্ঞাপন প্রচারের অভিযোগে মেটার বিরুদ্ধে কড়া অবস্থান নিল কেন্দ্রীয় সরকার। তথ্যপ্রযুক্তি মন্ত্রক মেটাকে নোটিস দিয়ে অবিলম্বে সংশ্লিষ্ট বিজ্ঞাপন সরানোর নির্দেশ দিয়েছে। পাশাপাশি সাত দিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কেন্দ্রের স্পষ্ট বার্তা, সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তথ্যপ্রযুক্তি আইন এবং পকসো আইনের আওতায় কড়া পদক্ষেপ করা হতে পারে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, শনিবার তথ্যপ্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে মেটার কাছে এই নোটিস পাঠানো হয়েছে। অভিযোগ, ইনস্টাগ্রামে অর্থের বিনিময়ে এমন কিছু বিজ্ঞাপন প্রকাশিত হচ্ছিল, যেখানে শিশুদের যৌন নির্যাতন সংক্রান্ত বেআইনি বিষয়বস্তু প্রচার করা হচ্ছিল। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্র।

সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়, ইনস্টাগ্রামে বিজ্ঞাপনের মাধ্যমে ‘রেপ ভিডিও’ এবং ‘চাইল্ড ভিডিও’-র মতো শব্দ ব্যবহার করে ব্যবহারকারীদের নির্দিষ্ট টেলিগ্রাম চ্যানেলে পাঠানো হচ্ছিল। অভিযোগ, বিজ্ঞাপনে ক্লিক করলেই ওই চ্যানেলগুলিতে পৌঁছে যাওয়া যাচ্ছিল, যেখানে অর্থের বিনিময়ে বেআইনি কনটেন্টের প্রস্তাব দেওয়া হচ্ছিল। অথচ নিয়ম অনুযায়ী প্রতিটি বিজ্ঞাপন প্রকাশের আগে প্ল্যাটফর্মের যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা।

এই ঘটনার পর কেন্দ্রীয় সরকার মেটার কাছে জানতে চেয়েছে, কীভাবে এই ধরনের বিজ্ঞাপন অনুমোদন পেল এবং অভিযোগ সামনে আসার পর সংস্থা কী কী পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, তার জন্য কী ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই বিষয়েও বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

সরকারি সূত্রের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে মেটার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন এবং ২০১২ সালের পকসো আইনের অধীনে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। একই সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত আপত্তিজনক বিজ্ঞাপন দ্রুত সরিয়ে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment