নিজস্ব সংবাদদাতা, বসিরহাট—টাকি পুরসভায় রাজনৈতিক অস্বস্তি তৃণমূলের অন্দরেই। পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন তাঁরই দলের ন’জন কাউন্সিলর। বুধবার এই মর্মে লিখিত আবেদন জমা পড়েছে টাকি পুরসভা এবং বসিরহাট মহকুমাশাসকের দপ্তরে। আর্থিক দুর্নীতি থেকে শুরু করে স্বজনপোষণ, টেন্ডার ছাড়াই কাজ করানো এবং নাগরিক পরিষেবা ব্যাহত করার মতো একাধিক অভিযোগ তুলে চেয়ারম্যানকে সরানোর উদ্যোগ নিয়েছেন ওই কাউন্সিলরেরা।
অনাস্থা প্রস্তাবের পিছনে মূল কারণ হিসেবে আর্থিক দুর্নীতির অভিযোগকে সামনে আনা হয়েছে। পাশাপাশি পুরসভার কাজে স্বজনপোষণ, নিয়ম মেনে টেন্ডার না ডেকে বিভিন্ন কাজ করানো এবং সাধারণ বাসিন্দাদের নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত করার অভিযোগও উঠেছে। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়। তাঁর বক্তব্য, অনাস্থা আনার পিছনে আসল উদ্দেশ্য অন্য। এর সঙ্গে নাগরিক পরিষেবার কোনও সম্পর্ক নেই।
সোমনাথের দাবি, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূলের কয়েক জন কাউন্সিলর এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন। সেই পরিস্থিতিতে তিনি নিজেই দায়িত্ব নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে নাগরিক পরিষেবা সচল রাখার চেষ্টা করেছেন। তাঁর কথায়, ‘কোনও নাগরিক পরিষেবা বন্ধ হয়নি। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর আমাদের দলীয় কাউন্সিলরদের একাংশ বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। আমি নিজে দায়িত্ব নিয়ে এলাকা ঘুরে যতটা পেরেছি নাগরিক পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি।’
অনাস্থা আনা কাউন্সিলরদের বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্তের অভিযোগও তুলেছেন চেয়ারম্যান। তাঁর দাবি, শাসকদলের নির্দেশ মেনেই তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ করছেন ওই কাউন্সিলরেরা। তবে অনাস্থা প্রস্তাব আনা ন’জন কাউন্সিলরের কেউই অভিযোগের বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি। তাঁদের বক্তব্য, উপযুক্ত সময়ে তাঁরা নিজেদের অবস্থান জানাবেন।

এদিকে, টাকি পুরসভার এই রাজনৈতিক টানাপড়েন নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিষয়টি আসলে ‘চোরেদের বিরুদ্ধে চোরেদের অনাস্থা’। তাঁর বক্তব্য, টাকি পুরসভার একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে ইতিমধ্যেই সিআইডি তদন্ত চলছে। সেই তদন্তের মুখে নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ প্রমাণ করতেই তৃণমূলের একাংশ এই অনাস্থা প্রস্তাবের নাটক করছে।
অনাস্থা প্রস্তাবের পিছনে বিজেপির কোনও ভূমিকা নেই বলেও স্পষ্ট করেছেন প্রিয়াঙ্কা। তাঁর অভিযোগ, টাকি পুরসভার তৃণমূল কাউন্সিলরদের প্রত্যেকের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ রয়েছে। পাশাপাশি অনাস্থা আনা কাউন্সিলরদের বিজেপিতে জায়গা দেওয়ার সম্ভাবনাও খারিজ করেছেন তিনি। তাঁর দাবি, ওই কাউন্সিলরেরা বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করলেও তাঁদের দলে নেওয়া হবে না।
সব মিলিয়ে টাকি পুরসভায় চেয়ারম্যানকে ঘিরে তৃণমূলের অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে চলে এসেছে। অনাস্থা প্রস্তাবের পর পুরসভার ক্ষমতার সমীকরণ কোন দিকে যায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
