রেজিনগর — উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া মামলায় দ্বিতীয়বার পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। মঙ্গলবার তিনি রেজিনগর থানায় হাজিরা দেওয়ার সময়ই তাঁর শক্তিপুরের বাড়িতে গিয়ে নতুন নোটিস দিয়ে আসে শক্তিপুর থানার পুলিশ। নোটিসে আগামী রবিবার সকাল ১১টার মধ্যে থানায় হাজির হতে বলা হয়েছে।
এর আগে শক্তিপুর থানার পক্ষ থেকে দু’বার তলব করা হলেও হুমায়ুন কবীর হাজিরা দেননি। সেই কারণেই নতুন করে নোটিস পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে, ‘স্যাঁটা’ মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় গত ৪ জুলাই প্রায় চার ঘণ্টা ধরে রেজিনগর থানায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। মঙ্গলবারও দীর্ঘ সময় ধরে তাঁকে প্রশ্নের মুখে পড়তে হয়।
থানা থেকে বেরিয়ে হুমায়ুন কবীর পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন। তাঁর অভিযোগ, মুর্শিদাবাদ জেলার পুলিশ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজ করছে। তিনি দাবি করেন, তাঁর বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে ভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে। হুমায়ুনের কথায়, ‘একটি কথাকে নানা ভাবে ব্যাখ্যা করা হচ্ছে। পুলিশ বিজেপিকে খুশি করার জন্য কাজ করছে।’
বিধায়কের দাবি, আগের তুলনায় এদিন পুলিশের প্রশ্নের সংখ্যা আরও বেড়েছে। তিনি বলেন, ‘আজ আরও বেশি প্রশ্ন করা হয়েছে। বিভিন্ন কৌশলে জিজ্ঞাসাবাদ হয়েছে এবং পুরো প্রক্রিয়াটির ভিডিও রেকর্ডিংও করা হয়েছে।’ তাঁর অভিযোগ, জেলার একাধিক থানা রাজনৈতিক প্রভাবেই কাজ করছে।
আগামী রবিবার শক্তিপুর থানায় হাজিরা দেবেন কি না, সেই প্রশ্নের উত্তরে হুমায়ুন কবীর বলেন, ‘নোটিস পেয়েছি। নির্দিষ্ট দিনে ডাকা হলে অবশ্যই যাব।’
