কৃষ্ণনগর— ২৫৪ বছরের ঐতিহ্য ধরে রেখে এ বারও ভক্তদের বিপুল সমাগমে জমে উঠেছে কৃষ্ণনগরের চাষাপাড়ার জগদ্ধাত্রী পুজো। শহরের অন্যতম প্রধান আকর্ষণ ‘বুড়িমা’কে দেখতে দূরদূরান্ত থেকে হাজির হচ্ছেন অসংখ্য মানুষ। ৭২টি বেনারসি শাড়ি এবং প্রায় ২২ কেজি সোনা-রুপোর অলঙ্কারে সাজানো হয়েছে দেবীকে। বাদ যায়নি দেবীর বাহন সিংহও। তার মাথায়ও শোভা পাচ্ছে সোনার মুকুট ও নানা অলঙ্কার। ভক্তদের নিবেদিত গয়নায় প্রতি বছর নতুন করে সেজে ওঠেন বুড়িমা। সেই সাজ দেখতে পুজোর দিনগুলিতে উপচে পড়ছে ভক্তদের ভিড়।
জনশ্রুতি অনুযায়ী, মহারাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই এই পুজোর সূচনা হয়েছিল। দীর্ঘ ২৫৪ বছর ধরে সেই ঐতিহ্য বহন করে চলেছে চাষাপাড়ার পুজো। ভক্তদের বিশ্বাস, বুড়িমার কাছে মানত করে মনস্কামনা পূরণ হলে দেবীকে সোনার গয়না নিবেদন করতে হয়। সেই বিশ্বাস থেকেই বছরের পর বছর ধরে জমেছে বিপুল অলঙ্কার। ভক্তদের নিবেদিত সেই গয়নাতেই প্রতিবছর অপরূপ সাজে সেজে ওঠেন দেবী।
পুজো কমিটি সূত্রে খবর, মহাষ্টমীর দিন দুপুর ১২টা থেকে মানতের সামগ্রী গ্রহণ শুরু হয়। সন্ধ্যায় দেবীকে পরানো হয় বিপুল পরিমাণ সোনা-রুপোর অলঙ্কার। বুধবার শুক্লপক্ষের নবমী তিথিতে একই দিনে সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজোর আয়োজন করা হয়েছে। ভোর ৫টা ৫৮ মিনিটে পুজো শুরু হয়। সকাল সাড়ে ৯টা, দুপুর ১২টা এবং বিকেল সাড়ে ৩টেয় পুষ্পাঞ্জলির ব্যবস্থা রাখা হয়। দুপুর ৩টেয় নবমীর বলিদান এবং সন্ধ্যা ৬টায় বিশেষ আরতির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার দশমীর দিন সকাল ৭টা ২২ মিনিটে বিসর্জনের পুজো সম্পন্ন হওয়ার পর শুরু হবে বরণ পর্ব। দুপুর আড়াইটের মধ্যে দেবীকে আসন থেকে নামানো হবে। চাষাপাড়ার দীর্ঘদিনের প্রথা মেনে ভক্তদের কাঁধে চেপেই বিসর্জনের পথে যাত্রা করবেন বুড়িমা। অন্যান্য প্রতিমার নিরঞ্জন সম্পন্ন হওয়ার পর জলঙ্গির ঘাটে সবার শেষে বিসর্জন দেওয়া হবে তাঁকে।
বিপুল ভক্তসমাগমের কথা মাথায় রেখে প্রসাদ বিতরণেও বিশেষ ব্যবস্থা করেছে পুজো কমিটি। প্রায় ১৫০০ কুইন্টাল চাল এবং ১২০০ কুইন্টাল ঘি দিয়ে তৈরি হচ্ছে মহাভোগ। প্রসাদ বিতরণের জন্য রাখা হয়েছে দু’টি পৃথক জায়গা। বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে ভোগ বিতরণ। যাঁরা মায়ের পুজো দেবেন, তাঁরা কুপন দেখিয়ে সন্দেশ ভোগ পাবেন। পাশাপাশি পোলাও প্রসাদ বা অন্নভোগের জন্য ৫০, ১০০, ৫০০ এবং ১০০০ টাকার কুপনের ব্যবস্থা রয়েছে।
পুজো কমিটির সভাপতি বিনীলকুমার ঘোষ জানিয়েছেন, এ বারও থাকছে বিনামূল্যে ‘অন্নমহোৎসব’। সেখানে যে কেউ বসে প্রসাদ গ্রহণ করতে পারবেন। অর্থাৎ, কেবল কুপন কেটে নয়, বিনামূল্যেও বুড়িমার মহাভোগ খাওয়ার সুযোগ পাবেন ভক্তরা।
এ বারের পুজোয় আরও একটি বিশেষ উদ্যোগ নিয়েছে কমিটি। এত দিন পুজোর মরসুম শেষ হলে মন্দিরে প্রতিমা না থাকায় ভক্তরা শুধু বেদিতে মাথা ঠেকিয়ে প্রণাম করতেন। সেই ব্যবস্থায় বদল আনতে মন্দিরে স্থাপন করা হচ্ছে প্রায় ২০ কেজি ওজনের অষ্টধাতুর চরণযুগল। বাৎসরিক পুজোয় এই চরণযুগলের উদ্বোধন হবে। নৈহাটির বড়মার মন্দিরের আদলে এ বার থেকে সারা বছর সকাল ও সন্ধ্যায় দু’বেলা বুড়িমার চরণে পুজো দেওয়া এবং দর্শনের সুযোগ পাবেন ভক্তরা। ফলে পুজোর কয়েকটি দিনের গণ্ডি পেরিয়ে সারা বছরই ভক্তদের সঙ্গে যুক্ত থাকবেন কৃষ্ণনগরের আরাধ্যা বুড়িমা।
