কলকাতা: ভোট পরবর্তী হিংসা এবং বেআইনি কার্যকলাপ রুখতে কড়া অবস্থান নিল কলকাতা পুলিশ (Kolkata Police)। পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ (Ajay Kumar Nanda) সমস্ত জয়েন্ট সিপি, ডিসি এবং ওসিদের নিয়ে বৈঠক করে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরকারি নিয়মের বাইরে কোথাও লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। ধর্মীয় অনুষ্ঠানেও একই নিয়ম কার্যকর থাকবে। পাশাপাশি শহরজুড়ে হেলমেট পরে বাইক চালানো হচ্ছে কি না, তা নিয়ে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিদিনের অভিযান এবং উদ্ধারের রিপোর্ট থানাগুলিকে জমা দিতে হবে।
বৈঠকে কমিশনার নির্দেশ দিয়েছেন, এফআইআর নথিভুক্ত করতে কোনও বিলম্ব করা যাবে না। বেআইনি অস্ত্র, বোমা এবং বিস্ফোরক উদ্ধারে বিশেষ অভিযান চালানোর নির্দেশও দেওয়া হয়েছে। পাচার রোধ এবং মহিলা ও শিশুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং মুখ্যসচিব মনোজ আগরওয়াল প্রশাসনিক আধিকারিকদের ‘মাথা উঁচু করে’ কাজ করার বার্তা দিয়েছেন। প্রশাসনিক মহলের মতে, নতুন সরকার কড়া ভাবে আইন মেনে প্রশাসন চালানোর উপর জোর দিচ্ছে।
previous post
