বাংলায় পালাবদলের পর একের পর এক বড় ঘোষণা। এ বার আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান হতে চলেছে কলকাতায়। আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শহরের রেড রোডে আয়োজন করা হতে পারে দেশের প্রধান অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পাশাপাশি বহু বিশিষ্ট ব্যক্তিত্বও যোগ দিতে পারেন বলে সূত্রের খবর।
প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্তে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এ বার সেই দায়িত্ব পাচ্ছে কলকাতা। যদিও অনুষ্ঠানস্থল এখনও চূড়ান্ত হয়নি, তবে রেড রোডকেই সম্ভাব্য ভেন্যু হিসেবে ভাবা হচ্ছে। এই নিয়ে প্রশাসনিক স্তরে বৈঠকও চলছে বলে জানা গিয়েছে।
বুধবার মধ্যপ্রদেশের খাজুরাহোতে যোগ মহোৎসব ২০২৬ অনুষ্ঠানে কেন্দ্রীয় আয়ুষ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন যে, এ বারের আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান হবে কলকাতায়।
এ বারের যোগ দিবসের থিম রাখা হয়েছে “Yoga for Healthy Ageing”। অর্থাৎ সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরা হবে। আয়ুষ মন্ত্রকের দাবি, যোগাভ্যাস শারীরিক স্বাস্থ্য, মানসিক সুস্থতা এবং বয়সজনিত নানা সমস্যার মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
