বকরি ঈদের দিন মায়াপুর ইসকন মন্দিরে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হেলিপ্যাডে নামার পর প্রথমেই তিনি যান ইসকনের গোশালায়। সেখানে যজ্ঞে অংশ নেন এবং পরে গোমাতার পুজো করেন। একাধিক গরুকে নিজে হাতে প্রসাদও খাওয়ান তিনি। এরপর কিছু সময় গোশালা কক্ষে প্রসাদ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী।
রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথম মায়াপুর ইসকনে এলেন শুভেন্দু। উল্লেখযোগ্য ভাবে, বকরি ঈদের দিনেই এই সফর ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। গত ১৫ বছর ধরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের দিন বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতেন এবং নামাজেও অংশ নিতে দেখা যেত তাঁকে। সেই দিনেই শুভেন্দুর ইসকনে এসে গোমাতা পুজো করাকে রাজনৈতিক বার্তা হিসেবেই দেখছেন অনেকে।
প্রসাদ গ্রহণের পর মুখ্যমন্ত্রী যান মায়াপুর ইসকনের মূল চন্দ্রোদয় মন্দিরে। সেখানে রাধামাধবের দর্শন করেন এবং পুজো দেন। পরে মহারাজদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন তিনি।
তবে সফর শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, তিনি কোনও রাজনৈতিক উদ্দেশ্যে সেখানে যাননি। শুধুমাত্র পুজো দিতেই ইসকনে এসেছিলেন বলে জানান মুখ্যমন্ত্রী।
