31 C
Kolkata
August 20, 2026
রাজ্য

৪২ ইঞ্চির ভুঁড়ি হলেই মিলবে ফুটবলে নামার সুযোগ, ১৮ বছর পর ফিরছে অভিনব ‘গণপতি ফুটবল’

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা—ফুটবল খেলতে গেলে সাধারণত গতি, দক্ষতা ও শারীরিক সক্ষমতার প্রয়োজন হয়। কিন্তু উত্তর ২৪ পরগনায় এবার এমন এক ফুটবল প্রতিযোগিতার আয়োজন হতে চলেছে, যেখানে শারীরিক সক্ষমতার বদলে ভুঁড়ির মাপই হবে যোগ্যতার অন্যতম মাপকাঠি। অন্তত ৪২ ইঞ্চি ভুঁড়ি না হলে এই প্রতিযোগিতায় নামার সুযোগ মিলবে না। পাশাপাশি প্রতিযোগীদের বয়স হতে হবে ৪০ বছরের বেশি।

চাঁদপুর লেনিনগড় শিব মন্দির কমিটির উদ্যোগে আগামী ২৩ আগস্ট লেনিনগড় সুভাষ সংঘের মাঠে এই অভিনব ‘গণপতি ফুটবল’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিকেল ৪টেয় শুরু হবে খেলা। দীর্ঘ ১৮ বছর পর ফের এই প্রতিযোগিতা ঘিরে এলাকায় উৎসাহ তৈরি হয়েছে। ইতিমধ্যে খেলোয়াড় বাছাই এবং অনুশীলনের কাজ শুরু হয়ে গিয়েছে।

প্রতিযোগিতার নিয়মও বেশ অভিনব। প্রতিটি দলে থাকবেন ১১ জন করে খেলোয়াড়। মাঠে নামার আগে ফিতে দিয়ে প্রত্যেকের ভুঁড়ির মাপ নেওয়া হবে। ৪২ ইঞ্চি বা তার বেশি ভুঁড়ি থাকলেই মিলবে খেলার সুযোগ। বয়সের ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট নিয়ম। অংশগ্রহণকারীদের বয়স ৪০ বছরের বেশি হতে হবে।

উদ্যোক্তাদের দাবি, এই প্রতিযোগিতার সূচনা হয়েছিল ১৯৯৮ সালে। ২০০৮ সাল পর্যন্ত টানা ১১ বছর এই আয়োজন চলেছিল। প্রথম দিকে দুটি দলকে নিয়ে খেলা হলেও পরে চারটি দল অংশ নিতে শুরু করে। এরপর দীর্ঘ সময় বন্ধ থাকার পরে পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

খেলাটির সঙ্গে জড়িয়ে রয়েছে আরও একটি অভিনব আয়োজন। মাঠে নামার আগে গণপতি ফুটবলাররা গণেশের মূর্তি নিয়ে শোভাযাত্রা করবেন। সেই শোভাযাত্রার পরেই খেলোয়াড়রা মাঠে প্রবেশ করবেন। প্রতিযোগিতাকে ঘিরে আরও কয়েকটি চমক রাখা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। তবে সেগুলি এখনই প্রকাশ্যে আনতে চাইছেন না তাঁরা।

আয়োজকদের মতে, এই প্রতিযোগিতার উদ্দেশ্য শুধুমাত্র দর্শকদের বিনোদন দেওয়া নয়। বর্তমান সময়ে মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্তির কারণে অনেকের শরীরচর্চার অভ্যাস কমছে। সেই পরিস্থিতিতে খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ বাড়ানোই তাঁদের অন্যতম লক্ষ্য।

বয়স বাড়ার সঙ্গে শরীরে অতিরিক্ত মেদ জমলে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। সেই বিষয়েও সচেতনতা তৈরি করতে চান উদ্যোক্তারা। তাঁদের বক্তব্য, হাসি-ঠাট্টার মাধ্যমে মানুষের কাছে শরীরচর্চা ও সুস্থ জীবনযাপনের প্রয়োজনীয়তার বার্তা পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে সম্ভাব্য খেলোয়াড় বাছাইয়ের কাজ শুরু হয়েছে। অংশগ্রহণকারীরা নাম নথিভুক্ত করার জন্য আবেদনপত্রও পূরণ করছেন। মাঠে খেলার প্রস্তুতিও চলছে জোরকদমে।

দীর্ঘ ১৮ বছর পরে এমন অভিনব ফুটবল প্রতিযোগিতা ফিরে আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকদের আশা, খেলার দিন মাঠে দর্শকদের ভিড় হবে চোখে পড়ার মতো। ফুটবলের সঙ্গে মজা, সামাজিক বার্তা এবং পুরনো ঐতিহ্যের মেলবন্ধনে এবারের ‘গণপতি ফুটবল’ যে আলাদা আকর্ষণ তৈরি করতে চলেছে, তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।

Related posts

Leave a Comment