নিজস্ব সংবাদদাতা, হুগলি—চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর টানে প্রতি বছরই রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশ-বিদেশ থেকেও বহু মানুষের সমাগম হয়। সেই ভিড়ের মধ্যেই এ বার নজর কাড়লেন এক ফরাসি বধূ। কোনও গাড়ি নয়, নিজের সাইকেল নিয়েই একের পর এক পুজোমণ্ডপ ঘুরে দেখলেন তিনি। প্রতিমা দর্শনের পাশাপাশি উপভোগ করলেন শহরের আলোকসজ্জা ও উৎসবের আবহ।
ফরাসি বধূ নেলিনার সঙ্গে চন্দননগরের সম্পর্ক দীর্ঘদিনের। জানা গিয়েছে, কাছারি ঘাটের মণ্ডল পরিবারে বিয়ের পর থেকেই এই শহরে তাঁর বসবাস। ১৯৮৯ সাল থেকে চন্দননগরে রয়েছেন তিনি। সেই সময় থেকেই জগদ্ধাত্রী পুজোর সঙ্গে পরিচয়। বছরের পর বছর ধরে উৎসব দেখলেও তার প্রতি আকর্ষণ এতটুকু কমেনি।
সপ্তমীর সন্ধ্যায় নিজের সাইকেল নিয়ে মণ্ডপ পরিক্রমায় বেরিয়ে পড়েন নেলিনা। মানকুন্ডু, সুরের পুকুর, চাঁপাতলা, কুণ্ডুঘাট, আদিমা হয়ে পৌঁছন বাগবাজারে। এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে ঘুরে প্রতিমা দর্শন করেন তিনি। সাধারণ দর্শনার্থীদের মতোই মোবাইলে দেবীর ছবি তোলেন। পাশাপাশি মণ্ডপসজ্জা, আলোর বাহার এবং পুজোর আয়োজনও খুঁটিয়ে দেখেন।

নেলিনার কথায়, ‘সাইকেলে চেপে মানকুন্ডু, সুরের পুকুর, চাঁপাতলা, কুণ্ডুঘাট, আদিমা হয়ে বাগবাজারে ঠাকুর দেখতে এসেছি। এই সাইকেলই আমার বন্ধু। ১৯৮৯ সাল থেকে চন্দননগরে রয়েছি। তখন থেকেই চন্দননগরের ঠাকুর দেখছি। এই শহরের জগদ্ধাত্রী পুজো অসাধারণ। এত বড় আয়োজনের পুজো খুব একটা দেখতে পাওয়া যায় না। দু’দেশের বন্ধুত্বের কথা মাথায় রেখেই এত সুন্দর ভাবে এই পুজো সাজানো হয়েছে। ভারতীয় ও ফরাসিদের বন্ধুত্বেরও এক বিশেষ ইতিহাস রয়েছে।’
চন্দননগরের রাস্তায় যখন আলোর ঝলকানি আর দর্শনার্থীদের ঢল, তখন সেই ভিড়ের মধ্যেই সাইকেল নিয়ে এগিয়ে চলেন নেলিনা। তাঁর কাছে এই সাইকেল কেবল যাতায়াতের মাধ্যম নয়, জগদ্ধাত্রী দর্শনের সফরেরও এক পুরনো সঙ্গী। বিদেশের সঙ্গে বাংলার এই উৎসবের যে নিবিড় যোগ তৈরি হয়েছে, নেলিনার উপস্থিতি যেন তারই এক পরিচিত ছবি।
