November 6, 2026
জেলা

বনবাসীদের অধিকার আদায়ে ছ’দফা দাবি, প্রতিমন্ত্রীর হাতে স্মারকলিপি

ঝাড়গ্রাম, ৬ নভেম্বর: বনবাসী মানুষের জমি, জঙ্গল ও জীবিকার অধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন আরও জোরদার করার বার্তা দিল বনাধিকার গ্রামসভা মোর্চা। বনাধিকার আইন, ২০০৬-এর যথাযথ বাস্তবায়নের দাবিতে বীরসা মুন্ডার জন্মজয়ন্তীর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশে ছ’দফা দাবিসংবলিত স্মারকলিপি জমা দিল সংগঠনটি। শুক্রবার নয়াগ্রামের খড়িকামাথানিতে বিধায়কের কার্যালয়ে প্রতিমন্ত্রী অমিয় কিস্কুর হাতে ওই দাবিপত্র তুলে দেন ২০ জনের প্রতিনিধি দল।

মোর্চার বক্তব্য, আইন থাকা সত্ত্বেও ঝাড়গ্রামের বহু বনবাসী তাঁদের প্রাপ্য অধিকার পাচ্ছেন না। গত ছ’বছর ধরে এই বিষয়ে আন্দোলন চালাচ্ছে সংগঠনটি। সম্প্রতি কলমাপুখুরিয়া পশ্চিম ও খাসজঙ্গল নলদাম গ্রামের ৫১ জনকে ৩ অক্টোবর বনাধিকার সংক্রান্ত অধিকারপত্র দেওয়া হয়েছে। কিন্তু ওই নথিতে স্বামী-স্ত্রীর যৌথ নাম না থাকা-সহ কয়েকটি অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ।

সংগঠনের ছ’দফা দাবির মধ্যে রয়েছে গ্রামসভা গঠন ও স্বীকৃতি, ব্যক্তিগত এবং সামূহিক বনাধিকার প্রদান, স্বামী-স্ত্রীর যৌথ নামে অধিকারপত্র দেওয়া, বনাধিকার কমিটিগুলিকে সক্রিয় করা এবং স্থানীয় ভাষায় আইন সম্পর্কে প্রচার। স্মারকলিপিটি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রতিমন্ত্রীর কাছে আবেদন জানান প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন সম্পাদক বাবুলাল প্রামাণিক, সভাপতি সুরেন্দ্রনাথ হাঁসদা, পরিচালক ঝর্ণা আচার্য, ব্লক সভাপতি বাপী সরেন, সহ-সম্পাদক মন্টু মুর্মু ও তপন সিং এবং আইনি উপদেষ্টা শান্তনু চক্রবর্তী-সহ অন্য সদস্যরা।

Related posts

Leave a Comment