উত্তর ২৪ পরগনা, ৬ নভেম্বর: বাড়ি তৈরির কাজে বাধা দিয়ে ক্লাব বা দলের নাম করে টাকা আদায়ের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বারাকপুর শিল্পাঞ্চলে সিন্ডিকেট-রাজ ও তোলাবাজি বন্ধে এমনই কড়া বার্তা দিলেন শ্রমমন্ত্রী তথা নোয়াপাড়ার বিজেপি বিধায়ক অর্জুন সিং (Arjun Singh)। বৃহস্পতিবার ইছাপুরের বিকাশ বসু স্মৃতি কনভেনশন সেন্টারে নোয়াপাড়ার ২ নম্বর মণ্ডলের বিজয়া সম্মিলনীতে তিনি জানান, কেউ তোলাবাজি করতে এলে ছবি তুলে তাঁর কাছে পাঠাতে হবে।
বক্তব্যে অর্জুন বলেন, সাধারণ মানুষ নিজের বাড়ি তৈরি করছেন। সেই কাজে কেউ এসে সিমেন্ট-বালি কোথা থেকে কিনতে হবে, তা ঠিক করে দিতে পারে না। এ ধরনের আচরণ বাংলায় কিংবা নোয়াপাড়ায় মেনে নেওয়া হবে না। একই দিনে বারাকপুর পুরসভার বিজয়া সম্মিলনীতেও নারী নিরাপত্তা নিয়ে সরব হন তিনি। কোনও মা-বোনের গায়ে হাত তোলা হলে তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী।
এদিন নাগরিক পরিষেবা সহজ করার পরিকল্পনার কথাও জানান অর্জুন। তাঁর দাবি, দু’মাসের মধ্যে একটি হেল্পলাইন চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে ফোনে আবেদন জানালে নিয়ম মেনে বিভিন্ন শংসাপত্র বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে। তবে আবেদনকারীদের ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হলফনামা জমা দিতে হবে। কোনও আবেদনকারীকে কাজ না করে ফিরিয়ে দেওয়া যাবে না বলে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। এই উদ্যোগ বাস্তবায়িত হলে শংসাপত্র পেতে সাধারণ মানুষের হয়রানি কমবে বলে আশা করা হচ্ছে।
