পশ্চিম বর্ধমান, ৬ নভেম্বর: কালীপুজো ও দীপাবলির আগে কেনাকাটার ব্যস্ততায় সরগরম বরাকর বাজার। শুক্রবার চতুর্দশী ও ছোট দিওয়ালি উপলক্ষে সকাল থেকেই পুজোর সামগ্রী কিনতে ভিড় জমে বাজারে। এই উৎসবের আবহে বাজার পরিদর্শনে যান রাজ্যের পিডব্লিউডি ও পিএইচই মন্ত্রী তথা কুলটির বিধায়ক অজয় কুমার পোদ্দার। দোকানে দোকানে ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। ক্রেতাদের কাছ থেকেও শোনেন তাঁদের অভিজ্ঞতা ও সমস্যার কথা।
প্রতিমা, মাটির প্রদীপ, ফুল, ফল এবং পুজোর অন্যান্য সামগ্রীর দোকানে ক্রেতাদের ভিড় দেখে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তাঁর কথায়, চতুর্দশী ও ছোট দিওয়ালি কালীপুজোর প্রস্তুতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছরের মতো এবারও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলতে বাজারে এসেছেন তিনি। মন্ত্রীর এই ঝটিকা পরিদর্শনে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যেও উৎসাহ দেখা যায়। অনেকেই তাঁর সঙ্গে হাত মিলিয়ে নিজেদের কথা জানান।
