November 5, 2026
জেলা

বর্ধমান-আসানসোল শাখায় ২১০ মিনিটের ট্রাফিক ব্লক, বাতিল চারটি মেমু ট্রেন

পূর্ব বর্ধমান, ৫ নভেম্বর: রেললাইনের রক্ষণাবেক্ষণের কাজের (Railway Track Maintenance) জন্য আগামী ৭ নভেম্বর বর্ধমান-আসানসোল শাখায় চারটি মেমু ট্রেন (MEMU Train) বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল (Eastern Railway)। শনিবার পারাজ ও গলসি স্টেশনের মধ্যবর্তী রেলপথে জরুরি কাজ চলবে। এর জেরে ওই দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রেন চলাচলে প্রভাব পড়বে। রেলের বিজ্ঞপ্তি প্রকাশের পর যাত্রীদের আগাম সতর্ক করা হয়েছে।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শনিবার দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত মোট ২১০ মিনিটের ট্রাফিক ব্লক (Traffic Block) নেওয়া হবে। এই সময়ে রেললাইনের প্রয়োজনীয় মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজ চলবে। রেলপথের নিরাপত্তা এবং ভবিষ্যতে নির্বিঘ্নে ট্রেন চলাচল নিশ্চিত করতেই এই কাজের উদ্যোগ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাতিল হওয়া ট্রেনগুলি হল ৬৩৫২২ নম্বর আসানসোল-বর্ধমান মেমু, ৬৩৫২৪ নম্বর আসানসোল-বর্ধমান মেমু, ৬৩৫১৫ নম্বর বর্ধমান-আসানসোল মেমু এবং ৬৩৫১৭ নম্বর বর্ধমান-আসানসোল মেমু। ফলে ওই দিন এই দুই শহরের মধ্যে যাতায়াতকারী নিত্যযাত্রীদের আগাম পরিকল্পনা করে বেরোনোর প্রয়োজন রয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে স্বাভাবিক সূচি মেনেই ট্রেন চলাচল শুরু হবে। যাত্রীদের অসুবিধা এড়াতে বিকল্প পরিবহণের ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষত চাকরিজীবী, পড়ুয়া এবং প্রতিদিন যাতায়াতকারী যাত্রীদের ট্রেনের সময়সূচি সম্পর্কে আগাম খোঁজ নেওয়ার কথা বলা হয়েছে।

Related posts

Leave a Comment