দিল্লি— সামাজিক মাধ্যমে পাকিস্তানের একাধিক অ্যাকাউন্ট থেকে ছড়ানো একটি ভুয়ো প্রচারকে খারিজ করল কেন্দ্র। ওই সব অ্যাকাউন্টে একটি বিকৃত ভিডিয়ো ছড়িয়ে দাবি করা হচ্ছিল, সম্প্রতি যন্তর মন্তরে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে কেন্দ্রের তথ্য যাচাইকারী সংস্থা স্পষ্ট জানিয়েছে, সেই দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ভিডিয়োটি ডিজিটাল প্রযুক্তির সাহায্যে বিকৃত করা হয়েছে।
ন্দ্রের তথ্য যাচাইকারী দপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রী এমন কোনও মন্তব্য করেননি। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বার্তায় জানানো হয়েছে, প্রধানমন্ত্রী ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে পদক্ষেপের কথা বলেননি। বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যেই তাঁর বক্তব্য বিকৃত করে ভুয়ো ভিডিয়ো তৈরি করা হয়েছে।
বিভ্রান্তি দূর করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসল বক্তব্যের ভিডিয়োর লিঙ্কও প্রকাশ করেছে কেন্দ্র। সেই বক্তব্যে প্রধানমন্ত্রী সংসদে প্রশ্নপত্র ফাঁস রোধ সংক্রান্ত আইন পাস হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং দেশের পরীক্ষাব্যবস্থাকে আরও বিশ্বাসযোগ্য করে তোলার বিষয়ে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বাসযোগ্য শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে ধারাবাহিকভাবে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বিশেষ কর্মীদল গঠন, দ্রুত বিচারব্যবস্থা চালু করা এবং বিভিন্ন রাজ্যের মতামতকে গুরুত্ব দেওয়া। কারণ, গত কয়েক দশক ধরে প্রশ্নপত্র ফাঁসের সমস্যার মুখোমুখি হয়েছে কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকার।’
তিনি আরও বলেন, ‘সংসদ এমন একটি আইন পাস করেছে, যা দেশের পরীক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী ও নির্ভরযোগ্য করে তুলবে।’
উল্লেখ্য, জনপরীক্ষায় অসাধু উপায় রোধ সংক্রান্ত সংশোধনী বিল, ২০২৬ চলতি সপ্তাহে লোকসভায় পাস হওয়ার পর বৃহস্পতিবার রাজ্যসভাতেও অনুমোদন পেয়েছে। সরকারের দাবি, এই আইনের ফলে প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষায় জালিয়াতি রুখতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
previous post
