July 20, 2026
দেশ

নিট ইস্যুতে ‘চলো সংসদ’ কর্মসূচিতে উত্তপ্ত দিল্লি, সিজেপির সঙ্গে বৈঠক জে পি নাড্ডার

নিট পরীক্ষায় অনিয়ম ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘চলো সংসদ’ কর্মসূচিকে ঘিরে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী দিল্লি। সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন যন্তর মন্তর থেকে সংসদের উদ্দেশে মিছিল বের করলে বিক্ষোভকারীদের আটকে দেয় দিল্লি পুলিশ। ব্যারিকেড ভাঙার চেষ্টা হলে কাঁদানে গ্যাস ছোড়া ও লাঠিচার্জের অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংসদ চত্বরের নিরাপত্তা আরও জোরদার করা হয়।

এই আন্দোলনের মধ্যেই সিজেপির দাবি, কেন্দ্রীয় সরকার তাদের সঙ্গে আলোচনায় রাজি হয়েছে। দলের প্রধান মুখপাত্র সৌরভ দাস ও মুখপাত্র আশুতোষ রাঙ্কা কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নিটে অনিয়মের নিরপেক্ষ তদন্ত, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং অন্যান্য দাবি তুলে ধরা হয়। বৈঠকের পর সৌরভ জানান, কেন্দ্রীয় মন্ত্রী বিষয়গুলি উচ্চস্তরে আলোচনার আশ্বাস দিয়েছেন, তবে এখনও কোনও চূড়ান্ত প্রতিশ্রুতি মেলেনি।

এদিকে, দীর্ঘ অনশনের পর সোনম ওয়াংচুক সোমবার তাঁর অনশন প্রত্যাহার করেন। ডিহাইড্রেশন ও শারীরিক অবস্থার অবনতির কারণে তাঁকে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল থেকেই তিনি সংসদ অভিযানে যোগ দেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। অন্যদিকে, সোনমের অনুরোধে সিজেপি প্রধান অভিজিৎ দীপকেও ফলের রস খেয়ে অনশন ভাঙেন।

বিক্ষোভ ঘিরে রাজধানীর নিরাপত্তা আরও কড়া করা হয়। সিজেপির মিছিল সংসদের গেটের কাছাকাছি পৌঁছলে মধ্য দিল্লির কিছু এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়। সমাজবাদী পার্টির অভিযোগ, দলের সাংসদ ডিম্পল যাদব-সহ কয়েকজনকে পুলিশ আটক করে। যদিও পুলিশি সূত্রে এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

অন্যদিকে, আন্দোলনের আবহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে বৈঠক করেন। যদিও সেই বৈঠকের আলোচ্য বিষয় প্রকাশ করা হয়নি। এদিকে, আন্দোলনের সময় দিল্লি পুলিশের এক সাব-ইন্সপেক্টর আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। পুলিশ দাবি করেছে, বিক্ষোভকারীদের দিক থেকে পাথর ছোড়া হয়েছিল। তবে এই অভিযোগ নিয়ে সিজেপির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Related posts

Leave a Comment