July 20, 2026
রাজ্য

সরকারি কাজে বাধ্যতামূলক বাংলা, ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে রাজ্যের নতুন ভাষানীতি

প্রতিনিধিত্বমূলক চিত্র

সংবাদ কলকাতা: রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করতে নতুন ভাষানীতির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় ভাষণ দিতে গিয়ে তিনি জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের অভ্যন্তরীণ সরকারি চিঠিপত্র, নির্দেশিকা, বিজ্ঞপ্তি, ফাইল ও প্রশাসনিক নথি বাংলাতেই তৈরি হবে। কেন্দ্রীয় সরকার কিংবা অন্য রাজ্যের সঙ্গে সরকারি যোগাযোগের ক্ষেত্রে বাংলা ভাষার পাশাপাশি হিন্দি ভাষাও ব্যবহার করা হবে।

মুখ্যমন্ত্রী জানান, এই নীতি কার্যকর হওয়ার আগে প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি সম্পূর্ণ করা হবে। তাঁর কথায়, রাজ্যের প্রশাসনিক ব্যবস্থায় বাংলা ভাষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার আরও বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন। সেই চিঠিতে প্রশাসনের বিভিন্ন স্তরে বাংলা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি সরকারি ফাইল, টীকা, নির্দেশিকা, আবেদনপত্র এবং এফআইআর নথিভুক্ত করার ক্ষেত্রেও বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছিল। কেন্দ্র বা অন্য রাজ্যের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বাংলা ও হিন্দি ভাষা ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়।

বিধানসভায় সেই চিঠি পাঠ করে শোনান মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের সরকারি প্রশাসনের সর্বস্তরে বাংলা ভাষা বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকার ও অন্যান্য রাজ্যের সঙ্গে সরকারি যোগাযোগে বাংলা ভাষার পাশাপাশি হিন্দি ভাষাও ব্যবহার করা হবে।

২০২৪ সালে কেন্দ্র বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেয়। এরপর থেকেই বাংলা ভাষার মর্যাদা ও সরকারি ব্যবহারের প্রসঙ্গ নতুন করে গুরুত্ব পেতে শুরু করে। সেই প্রেক্ষিতেই রাজ্য সরকারের এই নতুন ভাষানীতি প্রশাসনিক ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার আরও বিস্তৃত করবে বলে মনে করা হচ্ছে।

এর আগে বিভিন্ন সময়ে বাংলা ভাষাকে সরকারি কাজে আরও বেশি ব্যবহার করার উদ্যোগ নেওয়া হলেও তা স্থায়ী রূপ পায়নি। এবার নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করে রাজ্য সরকার ভাষানীতি কার্যকর করার পথে এগোল।

Related posts

Leave a Comment