November 10, 2026
জেলা

ভাইফোঁটায় মিষ্টির পসরা বর্ধমান ও কালনায়, শীর্ষে মিহিদানা-সীতাভোগ

বর্ধমান, ১০ নভেম্বর: ভাইফোঁটা মানেই ভাইয়ের পাতে মিষ্টির বাহার। আর সেই মিষ্টির তালিকায় নতুন নতুন স্বাদের উপস্থিতি থাকলেও বর্ধমানের ঐতিহ্যবাহী মিহিদানা ও সীতাভোগের আকর্ষণ যে আজও অমলিন, তা ফের প্রমাণিত হল উৎসবের মরসুমে (Bardhaman Mihidana)। বুধবার ভাইফোঁটা। তার আগের দিন মঙ্গলবার সকাল থেকেই বর্ধমান শহরের নামী মিষ্টির দোকানগুলিতে উপচে পড়ল ক্রেতাদের ভিড় (Bhai Phonta Sweets)। দীপাবলি থেকেই শুরু হয়েছিল রকমারি মিষ্টি বিক্রি। ভাইফোঁটাকে কেন্দ্র করে সেই চাহিদা আরও বেড়েছে। একই ছবি দেখা গিয়েছে জেলার আর এক ঐতিহাসিক শহর কালনাতেও।

বর্ধমানের প্রায় ১২২ বছরের প্রাচীন গণেশ মিষ্টান্ন ভান্ডারের কর্ণধার প্রসেনজিৎ দত্ত জানান, ভাইফোঁটার জন্য প্রতি বছরই ক্রেতাদের চাহিদা অনুযায়ী নতুন ধরনের মিষ্টি তৈরি করা হয় (Ganesh Mistanna Bhandar)। এ বারও সেই তালিকায় রয়েছে আমস্বত্ব ম্যাঙ্গ রোল, পান সন্দেশ, আমস্বত্ব রোল এবং চন্দ্রকলা। বিশেষ আকর্ষণ ফ্রুট ক্লাস্টার্ড। বেদানা, আপেল ও কলা দিয়ে তৈরি এই মিষ্টি কাপে পরিবেশন করা হচ্ছে। দোকান কর্তৃপক্ষের দাবি, মিষ্টিতে কোনও কৃত্রিম উপাদান ব্যবহার করা হয়নি। নতুন স্বাদের পাশাপাশি বাড়তি পুষ্টিগুণের দিকেও নজর রাখা হয়েছে।

তবে এত রকমারি মিষ্টির মধ্যেও বর্ধমানের ঐতিহ্যবাহী মিহিদানা ও সীতাভোগের চাহিদা ছিল সবচেয়ে বেশি (Sitabhog Mihidana)। প্রসেনজিৎবাবুর কথায়, ভাইফোঁটার সময় এই দুই মিষ্টি কেনার জন্য ক্রেতাদের বিশেষ আগ্রহ থাকে। পুজোর দিনগুলিতেও অন্য মিষ্টিকে পিছনে ফেলে দিয়েছে রাজ ঘরানার এই দুই মিষ্টি।

কালনাতেও এ বার শতাধিক ধরনের মিষ্টির পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা (Kalna Sweets)। শুকনো মিষ্টির তুলনায় রসের মিষ্টির চাহিদা বেশি ছিল। ঐতিহ্যবাহী নোড়া পান্তুয়া ও মাখা সন্দেশের পাশাপাশি চকলেট বরফি, টগরি প্রদীপ, কেশর বরফি, ম্যাঙ্গ রোল ও স্ট্রবেরি রোল কিনতেও ভিড় করেন ক্রেতারা।

তবে উৎসবের মুখে ছানার দাম প্রায় দ্বিগুণ হওয়ায় কিছুটা সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা (Chhana Price)। তা সত্ত্বেও ক্রেতাদের কথা মাথায় রেখে মিষ্টির দাম বাড়ানো হয়নি বলে জানিয়েছেন তাঁরা।

Related posts

Leave a Comment