November 14, 2026
রাজ্য

ভবানীপুর থানায় হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

সংবাদ কলকাতা: সমাজমাধ্যমে করা একটি পোস্টকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় ভবানীপুর থানায় হাজিরা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বেলা সাড়ে ১২টার মধ্যে তাঁকে থানায় হাজির হতে বলা হয়েছিল। নির্ধারিত সময়ের আগেই থানায় পৌঁছে যান ডায়মন্ড হারবারের সাংসদ। ওই পোস্টের বিষয়বস্তু নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।

ঘটনার সূত্রপাত গত ২ মে। ওই দিন সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন অভিষেক। সেখানে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে মন্তব্য করা হয়েছিল বলে অভিযোগ। সেই পোস্টকে কেন্দ্র করে গত ২৭ মে ভবানীপুর থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। সেই মামলার তদন্তের স্বার্থেই এবার অভিষেককে তলব করে পুলিশ।

অভিষেকের পোস্টের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন ভবানীপুরের বাসিন্দা অর্ণবকান্তি দাস। অভিযোগকারীর দাবি, মুখ্য নির্বাচন কমিশনারকে ‘বাংলাবিরোধী গুজরাতি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে উল্লেখ করে অভিষেক সমাজমাধ্যমে বিদ্বেষমূলক প্রচার করেছেন। তাঁর বক্তব্য, এই ধরনের মন্তব্য দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতির পক্ষে ক্ষতিকর।

অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে, একজন সাংসদ হিসেবে সংবিধানের সার্বভৌমত্ব ও দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার শপথ নেওয়ার পরেও অভিষেক গোটা গুজরাতি সম্প্রদায়কে একটি অপরাধী চক্রের সঙ্গে তুলনা করেছেন। এতে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের সম্মানহানির পাশাপাশি দেশের বহুত্ববাদী সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে অভিযোগকারীর বক্তব্য।



এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করে পুলিশ। বিদ্বেষ ছড়ানো, হিংসায় উস্কানি, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধে প্ররোচনা এবং গুজব ছড়ানোর মতো অভিযোগও রয়েছে মামলায়। যদিও অভিযোগগুলি এখনও তদন্তের বিষয়।

এদিকে, অভিষেকের বিরুদ্ধে আরও একটি মামলাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। শুক্রবার অন্য একটি মামলায় তাঁর বাড়িতে হাজিরার নোটিস দিতে গিয়েছিল পুলিশ। গিরিশ পার্ক থানায় দায়ের হওয়া ওই মামলায় পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই মামলায় আগামী ২০ নভেম্বর গিরিশ পার্ক থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ফলে একের পর এক মামলায় পুলিশি তলবের মুখে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এর আগে একাধিকবার পুলিশ ও সিআইডির কাছেও হাজিরা দিয়েছেন তিনি। এবার মে মাসে দায়ের হওয়া মামলায় ভবানীপুর থানায় তাঁর হাজিরা ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা।

Related posts

Leave a Comment