সংবাদ কলকাতা: কালীপুজোর রাতে নিষিদ্ধ বাজি ফাটানো এবং বিশৃঙ্খল আচরণ রুখতে শহরজুড়ে অভিযান চালিয়েও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা গেল না পরিস্থিতি। প্রশাসনের তরফে নির্দিষ্ট সময়সীমা ও একাধিক নির্দেশিকা জারি করা হয়েছিল। কিন্তু তা উপেক্ষা করেই কলকাতার বিভিন্ন এলাকায় দেদার বাজি ফাটানোর অভিযোগ ওঠে। পুজোর পরের দিনও শহরের একাধিক জায়গায় শব্দবাজির দাপট অব্যাহত ছিল।
লালবাজারের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার নিষিদ্ধ বাজি পোড়ানো এবং অভব্য আচরণের অভিযোগে মোট ৩২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে নিয়ম ভেঙে বাজি ফাটানোর অভিযোগে ৭৪ জন এবং বিশৃঙ্খল আচরণের দায়ে ২৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় শহরের বিভিন্ন এলাকা থেকে ১০৫.১ কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি উদ্ধার হয়েছে ৪৬.০৭৫ লিটার চোলাই ও অবৈধ মদ।
তবে গত বছরের তুলনায় এ বার বাজেয়াপ্ত নিষিদ্ধ বাজির পরিমাণ এবং গ্রেপ্তারের সংখ্যা অনেকটাই কম বলে পুলিশি পরিসংখ্যান থেকে জানা গিয়েছে। যদিও উৎসবের পরেও শহরের বিভিন্ন এলাকায় বাজি ফাটানোর অভিযোগ ওঠায় শব্দদূষণ নিয়ে উদ্বেগ কাটেনি।
শুধু বাজি বা বিশৃঙ্খল আচরণ নয়, উৎসবের মরসুমে রাস্তায় বেপরোয়া যান চলাচল এবং ট্রাফিক আইন ভাঙার বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ। সোমবার ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে মোট ৮৯০টি মামলা রুজু করা হয়েছে।
এর মধ্যে হেলমেট ছাড়া বাইক চালানোর অভিযোগে ৩৭৯ জন চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাইকের পিছনে হেলমেট ছাড়া বসার কারণে ১৫৬ জন আরোহীর বিরুদ্ধেও পদক্ষেপ করা হয়েছে। বেপরোয়া ভাবে গাড়ি চালানোর অভিযোগে ১১৬ জন এবং মত্ত অবস্থায় গাড়ি চালানোর দায়ে ১০০ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ। এ ছাড়া অন্যান্য ট্রাফিক আইন ভাঙার অভিযোগে আরও ১৩৯টি মামলা করা হয়েছে।
পুলিশের এই অভিযান সত্ত্বেও কালীপুজোর পরের দিন পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় বাজির শব্দ শোনা যাওয়ায় প্রশ্ন উঠছে, নির্দেশিকা ও নজরদারি থাকা সত্ত্বেও কেন পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না নিষিদ্ধ বাজির ব্যবহার।
previous post
next post
