37.2 C
Kolkata
June 7, 2026
কলকাতা

মেসি-কাণ্ডে ফের তলব অরূপ বিশ্বাসকে, দরজায় নোটিস সাঁটিয়ে গেল পুলিশ

কলকাতা, ৭ জুন, ২০২৬ — যুবভারতীতে লিয়োনেল মেসিকে ঘিরে বিতর্কিত অনুষ্ঠানের তদন্তে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফের তলব করল পুলিশ। সোমবার সকাল ১১টায় বিধাননগর দক্ষিণ থানায় হাজিরার নির্দেশ দিয়ে তাঁর বাড়িতে নোটিস পৌঁছে দেয় পুলিশ। তবে বার বার বেল বাজিয়েও কোনও সাড়া না মেলায় শেষ পর্যন্ত বাড়ির দরজাতেই নোটিস সাঁটিয়ে দিয়ে আসে পুলিশকর্মীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এটি অরূপ বিশ্বাসকে পাঠানো দ্বিতীয় নোটিস। এর আগে গত বৃহস্পতিবারও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছিল। কিন্তু তিনি হাজিরা দেননি। পরিবর্তে আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়ে ১৪ দিনের সময় চেয়েছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী।

যদিও পুলিশ সেই আবেদন মেনে নিতে রাজি হয়নি। শনিবার রাতেই দ্বিতীয় নোটিস জারি করা হয়। রবিবার সেই নোটিস হাতে নিয়ে পুলিশ অরূপের বাড়িতে পৌঁছয়। দরজা না খোলায় নতুন নোটিসের পাশাপাশি আগের নোটিসটিও বাড়ির বাইরে টাঙিয়ে দেওয়া হয়।

যুবভারতী কাণ্ডে অনুষ্ঠানের অন্যতম আয়োজক শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে কয়েক দিন আগে এফআইআর দায়ের করেছে পুলিশ। সেই অভিযোগে অরূপ বিশ্বাস-সহ কয়েক জনের নাম রয়েছে। অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিন্ন উদ্দেশ্য, তোলাবাজি, প্রতারণা, অপরাধমূলক ভীতি প্রদর্শন এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার তদন্তের স্বার্থেই অরূপকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

প্রসঙ্গত, যুবভারতীতে লিয়োনেল মেসিকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলার অভিযোগ উঠেছিল। বহু দর্শক টিকিট কেটেও মেসিকে দেখতে পাননি বলে অভিযোগ করেন। অনুষ্ঠান পরিচালনা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছিল। সেই বিতর্কের জেরে পরে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন অরূপ বিশ্বাস।

এফআইআর দায়ের হওয়ার পর কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেছেন তিনি। আগামী ৯ জুন সেই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

এখন নজর, সোমবার পুলিশি তলবে অরূপ বিশ্বাস হাজিরা দেন কি না।

Related posts

Leave a Comment