অন্নপূর্ণা যোজনা নিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
জলপাইগুড়ি: অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে কোনও যোগ্য মহিলা বঞ্চিত হবেন না। উত্তরবঙ্গ সফরে গিয়ে সোমবার এমনই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, যাঁদের আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে, তাঁদের নথি দ্রুত পরীক্ষা করা হচ্ছে। আগামী ৩০ আগস্টের মধ্যে সমস্ত যোগ্য আবেদনকারীকে প্রকল্পে নথিভুক্ত করা হবে।
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেকে অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছেন। অনেকের আবেদন এখনও ভেরিফিকেশনের পর্যায়ে রয়েছে। ৩০ আগস্টের মধ্যে যোগ্য মহিলারা অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হয়ে যাবেন। যাঁরা পাওয়ার যোগ্য, স্বচ্ছতার ভিত্তিতে তাঁরা এই সুবিধা পাবেন।’

জল্পেশে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, অন্নপূর্ণা যোজনার জন্য এখনও পর্যন্ত প্রায় এক কোটি ৭০ লক্ষ মহিলা আবেদন করেছেন। তাঁদের মধ্যে প্রায় এক কোটি ৪০ লক্ষ মহিলা ইতিমধ্যেই প্রকল্পের অর্থ পেয়েছেন। বাকি আবেদনগুলির নথি যাচাইয়ের কাজ দ্রুতগতিতে চলছে। যাচাই সম্পূর্ণ হওয়ার পর প্রকৃত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে।
রাজ্যে বিজেপি সরকার গঠনের পর চালু হওয়া অন্নপূর্ণা যোজনার আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। জুন ও জুলাই মাসে বহু উপভোক্তার অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে গিয়েছে। তবে যাঁদের নাম এখনও তালিকায় ওঠেনি, তাঁদেরও যোগ্যতা অনুযায়ী সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এ দিন কৃষকদের জন্যও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, পিএম কিষাণ প্রকল্পে কেন্দ্রের পাশাপাশি রাজ্যও আর্থিক সহায়তা দিচ্ছে। কৃষকদের নথি যাচাই সম্পূর্ণ হলে চাষের জমি থাকলেই ৪ হাজার টাকা করে দেওয়া হবে। এ জন্য একটি নির্দিষ্ট ব্যবস্থা তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি সিকিমে টানেল দুর্ঘটনায় উত্তরবঙ্গের একাধিক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁদের পরিবারের সঙ্গে দেখা করতে এবং পরিস্থিতির খোঁজ নিতে জলপাইগুড়ি সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী।
