26.5 C
Kolkata
August 6, 2026
দেশ

‘এখন আর কোনও গোষ্ঠী নেই, একটাই শিবসেনা’, উদ্ধবকে কটাক্ষ অমিত শাহর

কোলহাপুর | ২১ জুন: শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরেকে কটাক্ষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করলেন, এখন আর ‘শিবসেনা-শিন্ডে গোষ্ঠী’ বলার প্রয়োজন নেই, কারণ বর্তমানে একটাই শিবসেনা রয়েছে।

মহারাষ্ট্রের কোলহাপুরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শাহ বলেন, “আগে একনাথ শিন্ডের নামের সঙ্গে ‘শিবসেনা-শিন্ডে গোষ্ঠী’ বলতে হত। কিন্তু এখন আর কোনও গোষ্ঠী নেই। এখন শুধু একটাই শিবসেনা।”

শাহর এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি)-তে বড়সড় ভাঙনের জল্পনা তুঙ্গে। দলের ৯ জন লোকসভা সাংসদের মধ্যে ৬ জন পৃথক গোষ্ঠী হিসেবে স্বীকৃতির দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আবেদন জানিয়েছেন।

ওই সাংসদেরা বৃহস্পতিবার অনুষ্ঠিত শিবসেনা (ইউবিটি)-র সংসদীয় দলের বৈঠকেও অনুপস্থিত ছিলেন। এরপরই তাঁদের বিরুদ্ধে দলীয় হুইপ অমান্য করার অভিযোগে শোকজ নোটিস জারি করা হয়েছে।

সূত্রের খবর, বিদ্রোহী সাংসদেরা শীঘ্রই একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনায় যোগ দিতে পারেন। বর্তমানে শিন্ডের শিবসেনা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের অংশ।

বিদ্রোহী সাংসদদের মধ্যে রয়েছেন সঞ্জয় যাদব, নাগেশ আষ্টিকার, সঞ্জয় দিনা পাটিল, ওমপ্রকাশ রাজেনিম্বালকর, সঞ্জয় দেশমুখ এবং ভাউসাহেব ওয়াকচৌরে।

এদিকে শিবসেনা (ইউবিটি)-র রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত জানিয়েছেন, বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি দাবি করেন, লোকসভার স্পিকার আইন ও সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চললে বিদ্রোহী সাংসদদের অযোগ্য ঘোষণা করা হতে পারে।

Related posts

Leave a Comment