শিলিগুড়ি: পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথম উত্তরবঙ্গ সফরে এসে সীমান্ত নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে ‘শিলিগুড়ি করিডর’ বা ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা ছিল আলোচনার কেন্দ্রে।
প্রতিরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই করিডর ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ রক্ষা করে। সাম্প্রতিক সময়ে চিন সীমান্তের পাশাপাশি বাংলাদেশ, ভুটান ও নেপাল সীমান্তের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বেড়েছে। সেই কারণেই সীমান্ত নজরদারি আরও জোরদার করার বিষয়টি বৈঠকে বিশেষ গুরুত্ব পায়।
বৈঠকে সীমান্ত নিরাপত্তার পাশাপাশি গুন্ডাদমন আইন, জন্ম ও মৃত্যুর নথির ডিজিটাইজেশন, অবৈধ ভোটার শনাক্তকরণ এবং আধার সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি সীমান্তবর্তী জেলার প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার সকালে অমিত শাহ ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেন। তিনি জামুড়িয়া ভিটা, সন্ন্যাসীকাঁটা এবং শিলিগুড়ির জুমাগাছ বিএসএফ বর্ডার আউটপোস্ট ঘুরে দেখেন। বিএসএফ জওয়ানদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বাহিনীর একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করেন তিনি।
প্রশাসনের মতে, উত্তরবঙ্গের সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধ এবং ভুয়ো পরিচয়পত্র তৈরির প্রবণতা ঠেকাতে জন্ম-মৃত্যুর নথি ডিজিটাইজেশনসহ একাধিক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডরের নিরাপত্তা আরও শক্তিশালী করাই এই বৈঠকের অন্যতম লক্ষ্য।
