July 18, 2026
কলকাতা

নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণেও চলবে বৃষ্টি

কলকাতা: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ অঞ্চল ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হলেও তার প্রভাব আগামী কয়েক দিন জুড়ে থাকবে পশ্চিমবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে জারি হয়েছে লাল সতর্কতা।

হাওয়া অফিসের মতে, ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশার উপর অবস্থান করছে। এর সঙ্গে সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত, যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে।

শনিবার ও রবিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গেও আগামী কয়েক দিন বৃষ্টি অব্যাহত থাকবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও ভারী বর্ষণের সম্ভাবনা নেই। শহরের জন্য আলাদা কোনও সতর্কতা জারি করা হয়নি।

এদিকে, সমুদ্র উত্তাল থাকায় পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। সমুদ্রে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে, যা দমকায় ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

Related posts

Leave a Comment