শিলিগুড়ি: ভারতের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডরের নিরাপত্তা আরও জোরদার করতে উত্তরবঙ্গ সফরে বিএসএফের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে তিনি ভারত-বাংলাদেশ সীমান্তের জুম্মাগছ এলাকা পরিদর্শন করেন এবং সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন।
এই সফরে অমিত শাহ ঘোষণা করেন, পশ্চিমবঙ্গে ১০টি নতুন বর্ডার আউটপোস্ট (বিওপি) তৈরি হবে, যার মধ্যে দুটি উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারে। পাশাপাশি নদীসংলগ্ন সীমান্তে স্মার্ট ভার্চুয়াল ফেন্সিং ও উন্নত থার্মাল ইমেজিং সিস্টেম বসানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
গোয়েন্দা সূত্রের দাবি, জলপাইগুড়ির ফুলবাড়ি এলাকার জুম্মাগছ গ্রামটি অত্যন্ত স্পর্শকাতর। মহানন্দা নদী সংলগ্ন বিস্তীর্ণ অংশ এখনও উন্মুক্ত থাকায় বর্ষাকালে নদীপথে অনুপ্রবেশের ঝুঁকি থাকে। সেই কারণেই সীমান্তের এই অংশকে আরও সুরক্ষিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।সূত্রের খবর, শিলিগুড়ি করিডর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ হওয়ায় এর
নিরাপত্তা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি বাংলাদেশের তিস্তা প্রকল্পে চিনা ইঞ্জিনিয়ারদের সক্রিয়তা বৃদ্ধির প্রেক্ষিতেও সীমান্তে নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করছে কেন্দ্র।
সেই লক্ষ্যেই নতুন সীমান্ত চৌকি, স্মার্ট ফেন্সিং এবং আধুনিক নজরদারি প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রের দাবি।
