ধসের জেরে একাধিক মহাসড়ক বন্ধ
কাঠমান্ডু: টানা ভারী বৃষ্টিতে নেপালের বাগমতী নদীর জলস্তর বেড়ে গিয়ে নদীর জল দু’কূল ছাপিয়ে পড়েছে। এর জেরে নদীর তীরবর্তী নিচু এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। বন্যার আশঙ্কায় নদী সংলগ্ন জনবসতিগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে।
অন্যদিকে, ভারী বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় একাধিক জায়গায় ধস নেমেছে। এর ফলে নেপালের রাজধানী কাঠমান্ডুর সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে।
কাঠমান্ডুর সঙ্গে দেশের অন্যান্য অংশের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ পৃথ্বী হাইওয়ে ধসের কারণে বন্ধ রয়েছে। একইভাবে বিপি হাইওয়ে এবং কান্তি লোকপথেও যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। রাস্তার বিভিন্ন অংশে ধস নামায় দীর্ঘপথের যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি আটকে পড়েছে।
প্রধান সড়কগুলি বন্ধ থাকায় বহু দূরপাল্লার যানবাহন রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে। ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে পরিস্থিতি জটিল হয়ে রয়েছে।
বাগমতীর জলস্তর বৃদ্ধি এবং একাধিক গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে যাওয়ায় নেপালের বিভিন্ন এলাকায় যোগাযোগ ও স্বাভাবিক জনজীবনের উপর প্রভাব পড়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।
