অশোকনগর: উত্তর ২৪ পরগনার অশোকনগরে সিআইডির অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও নগদ-সহ গ্রেফতার হলেন এক মহিলা। ধৃতের নাম পূজা বিশ্বাস। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বিহারের মুঙ্গের থেকে অস্ত্র এনে হাবড়া এলাকায় সরবরাহের পরিকল্পনা ছিল তাঁর। গোটা ঘটনার সঙ্গে আন্তঃরাজ্য অস্ত্র পাচারচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
রবিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে অশোকনগর থানার ৮ নম্বর মোড়ে একটি ম্যাজিক ভ্যান থামিয়ে তল্লাশি চালায় সিআইডির বিশেষ দল। অভিযানে সহযোগিতা করে অশোকনগর থানার পুলিশও। তল্লাশিতে পূজা বিশ্বাসের ব্যাগ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র, প্রায় ২০০ রাউন্ড তাজা কার্তুজ, ১২টি ম্যাগাজিন, ১২ হাজার টাকা নগদ এবং দুটি মোবাইল ফোন।
তদন্তে আরও জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে বিহারের জামালপুরগামী ট্রেনের টিকিটও উদ্ধার হয়েছে। সেই সূত্র ধরেই সিআইডির সন্দেহ, অস্ত্রগুলি বিহার থেকে পশ্চিমবঙ্গে আনা হয়েছিল। তদন্তকারীদের ধারণা, তিনি ট্রেনে নৈহাটিতে নেমে সেখান থেকে হাবড়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই ধরা পড়েন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূজা বিশ্বাসের বিরুদ্ধে এর আগেও দত্তপুকুর থানায় মামলা হয়েছিল এবং তিনি গ্রেফতারও হয়েছিলেন। এবার তাঁর সঙ্গে আর কারা যুক্ত, অস্ত্রের সম্ভাব্য ক্রেতা কারা এবং পাচারচক্রের নেটওয়ার্ক কতটা বিস্তৃত— তা জানতে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
তদন্তকারীরা জানিয়েছেন, উদ্ধার হওয়া অস্ত্র ও কার্তুজ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। ধৃতকে বারাসত আদালতে পেশ করে সিআইডি নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে।
