নয়াদিল্লি: তৃণমূলের ভাঙন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জের ১২ ঘণ্টার মধ্যেই কড়া প্রতিক্রিয়া দিলেন দলের প্রাক্তন সাংসদ শতাব্দী রায়। তাঁর দাবি, ভোটের ফল প্রকাশের পরই অভিষেক দায়িত্ব নিয়ে পদ ছাড়লে আজ তৃণমূলের এমন ভাঙন দেখতে হত না।
রবিবার দিল্লিতে সর্বদল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শতাব্দী বলেন, “অভিষেক বড় দেরি করে ফেলেছে। এই কথা ৪ মে ভাবলে ভালো হতো। ৫ মে ইস্তফা দিলে তৃণমূল এভাবে ভেঙে টুকরো টুকরো হতো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীর এই অবস্থা হতো না।”
এর আগে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমে বলেন, যাঁরা তাঁকে আক্রমণ করে দল ছেড়েছেন, তাঁদের মধ্যে কেউ তৃণমূলে ফিরে এলে তিনি এক ঘণ্টার মধ্যে দলের পদ থেকে ইস্তফা দেবেন। পাশাপাশি তাঁর অভিযোগ, বিজেপিতে যোগ দেওয়া অনেক নেতাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে রেহাই পেতেই দলবদল করেছেন।
অভিষেকের এই মন্তব্যের পরই শতাব্দীর পালটা জবাব রাজনৈতিক মহলে নতুন করে চর্চার জন্ম দিয়েছে। তাঁর বক্তব্যে স্পষ্ট, তৃণমূলের বর্তমান পরিস্থিতির জন্য তিনি অভিষেকের নেতৃত্বকেই দায়ী করছেন।
এদিকে, দিল্লিতে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে অভিষেকের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূল সাংসদ সায়নী ঘোষ প্রতিক্রিয়া এড়িয়ে যান। তিনি বলেন, “আমি কী বলছেন শুনিনি, তাই এ বিষয়ে কোনও মন্তব্য করব না।”
