30.3 C
Kolkata
June 16, 2026
রাজ্য

ঝাড়ু হাতে রাস্তায় অগ্নিমিত্রা, নোংরা ফেললেই জরিমানার কড়া বার্তা

দুর্গাপুর, ১৬ জুন: শহরকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে এবার সরাসরি রাস্তায় নেমে সচেতনতার বার্তা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড এলাকায় ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন তিনি।

নির্মল বন্ধু ও নির্মল সাথীদের নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও নগর নিগমের একাধিক আধিকারিক। অভিযানের সময় মন্ত্রী নিজেই রাস্তা ও দোকানের সামনের আবর্জনা পরিষ্কার করেন এবং স্থানীয় ব্যবসায়ীদের পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।

অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়েছেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রকাশ্যে নোংরা ফেলা, পানের পিক ছিটানো বা রাস্তা-নর্দমায় বর্জ্য ফেলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ছবি তুলে প্রমাণ সংগ্রহ করবেন এবং সেই ভিত্তিতে জরিমানার নোটিস সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে পাঠানো হবে।

মন্ত্রী বলেন, পরিচ্ছন্ন বাংলা গড়তে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, সাধারণ মানুষেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। পরিবেশ ও জনস্বাস্থ্যের স্বার্থে সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

এদিন তৃণমূল আমলের ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্প নিয়েও সমালোচনা করেন অগ্নিমিত্রা। তাঁর অভিযোগ, ওই প্রকল্পে একাধিক অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছিল। বর্তমান সরকার স্বচ্ছতার সঙ্গে পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নে বদ্ধপরিকর বলেও দাবি করেন তিনি।

Related posts

Leave a Comment