কলকাতা, ১৬ জুন: পশ্চিমবঙ্গে শিল্প বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন অন্তত ৪২ জন শিল্পপতি। এমনটাই দাবি করলেন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়। তিনি জানিয়েছেন, বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে শিল্পপতিদের সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছে এবং সরকার সবরকম সহযোগিতা করবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
নবান্ন সূত্রে খবর, আগামী ২২ জুন পেশ হতে চলা রাজ্য বাজেটে শিল্পায়ন ও বিনিয়োগ বৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে। ক্ষমতায় আসার পর থেকেই শিল্পোন্নয়নকে অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছে শুভেন্দু অধিকারীর সরকার।
রাজ্যে শিল্প ও অর্থনীতির পুনরুজ্জীবনের লক্ষ্যে কেন্দ্রের উদ্যোগে নীতি আয়োগকে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার খসড়া তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। উপাধ্যক্ষ অশোক লাহিড়ির নেতৃত্বে সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
শিল্পমন্ত্রী তাপস রায়ের দাবি, নতুন সরকারের নীতি ও প্রশাসনিক পরিবর্তনের ফলে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক বার্তা গিয়েছে। সেই কারণেই একাধিক শিল্পগোষ্ঠী পশ্চিমবঙ্গে নতুন প্রকল্প গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছে।
আগামী ২২ জুন বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নতুন সরকারের এই বাজেটে শিল্পায়ন, কর্মসংস্থান, পরিকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
রাজ্যের ভবিষ্যৎ শিল্পনীতির রূপরেখা এবং বিনিয়োগ আকর্ষণের পরিকল্পনা সম্পর্কে বাজেটেই স্পষ্ট বার্তা মিলতে পারে বলে আশা রাজনৈতিক ও শিল্প মহলের।
