সংবাদ কলকাতা:—অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার অভিযোগের মামলায় বুধবার শুনানি হল না কলকাতা হাই কোর্টে। বিচারপতি কৃষ্ণা রাও বৃহস্পতিবার ব্যাঙ্ক কর্তৃপক্ষকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী শুনানি হবে।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে আবেদন করেছেন। তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্যের অভিযোগ, বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার প্রস্তুতির মধ্যেই একাধিক ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। কিন্তু কেন এই পদক্ষেপ করা হয়েছে, তা ব্যাঙ্কের তরফে স্পষ্ট করে জানানো হয়নি।

অভিষেকের আইনজীবীর আরও দাবি, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১০৭ নম্বর ধারায় যে আইনি প্রক্রিয়ার কথা রয়েছে, সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। তাঁর বক্তব্য, পুলিশ কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিরুদ্ধে এমন পদক্ষেপ করতে চাইলে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করার প্রয়োজন রয়েছে। অভিষেকের ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়েছিল কি না, তা নিয়েই মূলত প্রশ্ন তুলেছে তাঁর পক্ষ।
মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও জানতে চান, অভিষেকের বিরুদ্ধে বর্তমানে কোনও তদন্ত চলছে কি না। তাঁর আইনজীবী জানান, আদালতের নির্দেশ মেনে অভিষেক তদন্তে সহযোগিতা করছেন। তবে তদন্তে সহযোগিতা করার বিষয়টি এবং ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার বিষয়টি পৃথক বলে দাবি করা হয়েছে।

অন্য দিকে, চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি নিয়েও অভিষেককে আদালতের দ্বারস্থ হতে হয়েছিল। কলকাতা হাই কোর্টে অনুমতি সংক্রান্ত জটিলতার পর সুপ্রিম কোর্টে যায় বিষয়টি। শীর্ষ আদালত শর্তসাপেক্ষে তাঁকে তিন সপ্তাহ বিদেশে চিকিৎসা করানোর অনুমতি দেয়। এর পরেই ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার বিষয়টি নিয়ে নতুন করে আইনি পদক্ষেপ করেন তিনি।
বুধবার শুনানি পিছিয়ে যাওয়ায় এখন বৃহস্পতিবারের রিপোর্টের অপেক্ষা। ব্যাঙ্ক কর্তৃপক্ষ কী কারণে অ্যাকাউন্ট ফ্রিজ করেছে এবং সেই পদক্ষেপের পিছনে কোনও নির্দিষ্ট নির্দেশ বা আইনি প্রক্রিয়া ছিল কি না, রিপোর্টে তার উত্তর মিলতে পারে। সেই তথ্যের ভিত্তিতে আদালত কী নির্দেশ দেয়, সেদিকেই নজর আইনজীবী মহলের।
