অস্ট্রেলিয়া— ক্রিকেটের ইতিহাসে বিতর্কিত সিরিশকাগজ কাণ্ড নিয়ে নতুন করে তদন্ত শুরু করছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে দলের সঙ্গে থাকা ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের অভিজ্ঞতা ও বক্তব্য শুনতে উদ্যোগী হয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ামক সংস্থা। শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আগামী ছ’সপ্তাহ ধরে চলবে এই প্রক্রিয়া। সংশ্লিষ্ট সকলের বক্তব্য শোনার পর একটি রিপোর্ট তৈরি করা হবে।
এই উদ্যোগের জন্য একটি বিশেষ ফোরাম গঠন করা হয়েছে। বর্ষীয়ান আইনজীবী ফিয়োনা ম্যাকলয়েডকে সেই ফোরামের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ওই সফরে থাকা ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে আলাদা করে কথা বলবেন। যাঁরা নিজেদের অভিজ্ঞতার কথা জানাতে চান, তাঁরা আগামী ছ’সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। তবে কারও বক্তব্য প্রকাশ্যে আনা হবে না। এমনকি, নিজেদের বক্তব্যের সমর্থনে কোনও নথি বা প্রমাণ জমা দেওয়ার বাধ্যবাধকতাও থাকছে না।
সংশ্লিষ্ট ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের অনলাইন বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি লিখিত বিবৃতি বা প্রয়োজনীয় তথ্য পাঠানোর সুযোগ দেওয়া হবে। তবে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ সম্পূর্ণ ঐচ্ছিক। যাঁরা অংশ নেবেন, তাঁদের আইনি সহায়তাও দেওয়া হবে।

এই ফোরামের আলোচনায় মূলত ২০১৮ সালের সেই মরসুমে বল বিকৃতির ঘটনা নিয়ে জানতে চাওয়া হবে। ক্রিকেট বলের উপর কী ধরনের কারসাজি করা হয়েছিল, তা নিয়ে ক্রিকেটারদের অভিজ্ঞতা শোনা হবে। দক্ষিণ আফ্রিকা সফরের অন্য কোনও ম্যাচেও বল বিকৃতির ঘটনা ঘটেছিল কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে আগে যে তদন্ত করা হয়েছিল, তার সঙ্গে এ বার পাওয়া বক্তব্যগুলি মিলিয়ে দেখা হবে। তবে সংস্থার অবস্থান স্পষ্ট, পুরনো তদন্ত নতুন করে শুরু হচ্ছে না। বরং সেই সময়ের ঘটনাবলি সম্পর্কে আরও বিস্তারিত ধারণা পেতে এবং ভবিষ্যতে এ ধরনের বিতর্ক এড়ানোর উপায় খুঁজতেই এই উদ্যোগ।
উল্লেখ্য, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন বল বিকৃতির ঘটনায় বিশ্ব ক্রিকেটে তোলপাড় হয়েছিল। সিরিশকাগজ দিয়ে বলের উপর কারসাজির ঘটনায় জড়িয়ে পড়েছিলেন অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট। সেই ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়া তদন্ত করে সংশ্লিষ্ট ক্রিকেটারদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করেছিল।
প্রায় আট বছর পর সেই সফরে থাকা ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের অভিজ্ঞতা শোনার এই উদ্যোগ নতুন করে আলোচনায় নিয়ে এসেছে ক্রিকেটের অন্যতম বিতর্কিত অধ্যায়কে। তবে এই প্রক্রিয়ার মাধ্যমে পুরনো ঘটনার নতুন কোনও তদন্ত বা শাস্তিমূলক পদক্ষেপের ঘোষণা করা হয়নি।
