নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা— আসন্ন গঙ্গাসাগর মেলায় রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগম হতে পারে বলে মনে করছে রাজ্য সরকার। সেই বিপুল ভিড় সামলানো এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে বিশেষ পুলিশ দল গঠন করল রাজ্য পুলিশ। পুলিশ সূত্রে খবর, তিন জন আইজি এবং ন’জন ডিআইজি পদমর্যাদার অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়ে তৈরি হয়েছে এই বিশেষ দল। অতীতে যাঁরা গঙ্গাসাগর মেলায় ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার দায়িত্ব সামলেছেন, তাঁদেরই এই দলে রাখা হয়েছে।
বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের কার্যালয়ে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল-সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা। মেলায় বিপুল জনসমাগমের সম্ভাবনা মাথায় রেখে নিরাপত্তা, যাতায়াত, ভিড় নিয়ন্ত্রণ এবং সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা মেলাকে মূলত তিনটি জোনে ভাগ করে নিরাপত্তার দায়িত্ব সামলানো হবে। কাকদ্বীপ-লট নম্বর আট, কচুবেড়িয়া এবং মূল গঙ্গাসাগর মেলাপ্রাঙ্গণ—এই তিনটি এলাকায় আলাদা করে নজরদারি চালানো হবে। আইজি ও ডিআইজি পদমর্যাদার আধিকারিক প্রবীণ ত্রিপাঠী, সুনীল চৌধুরী এবং অর্ণব ঘোষকে তিনটি জোনের দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর। তাঁদের নেতৃত্বে কাজ করবে বিশেষ পুলিশ দল।
নিরাপত্তার ক্ষেত্রে জলপথ ও স্থলপথের পাশাপাশি আকাশপথেও নজরদারির ব্যবস্থা রাখা হচ্ছে। ড্রোনের মাধ্যমে মেলা ও আশপাশের এলাকায় নজরদারি চালানো হবে। এই নজরদারির দায়িত্বে থাকবে ভারতীয় সেনাবাহিনী। গঙ্গাসাগরের ভৌগোলিক অবস্থান এবং সীমান্তবর্তী এলাকার গুরুত্ব বিবেচনা করে সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকদের সঙ্গেও দফায় দফায় বৈঠক করছে নবান্ন। নিরাপত্তার প্রতিটি স্তরে সমন্বয় বজায় রাখাই প্রশাসনের লক্ষ্য।

এবার গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের করে তুলতে চাইছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই মেলার পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ভিড় নিয়ন্ত্রণ এবং পুণ্যার্থীদের থাকার সুবিধার জন্য অতিরিক্ত ৩৮ একর জমি চিহ্নিত করা হয়েছে। ওই জমিকে মেলার উপযোগী করে গড়ে তোলার কাজও শুরু হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং লোকসভার অধ্যক্ষের পাশাপাশি বিভিন্ন রাজ্যের বিধানসভার অধ্যক্ষদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
এবার মেলাকে পরিবেশবান্ধব করে তোলার উপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রথমবারের জন্য হোগলা পাতা ও প্লাস্টিকবিহীন মেলার পরিকল্পনা করেছে প্রশাসন। সাধারণ মানুষের থাকার জন্য প্রচলিত হোগলা পাতার ছাউনির পরিবর্তে আধুনিক তাঁবুর ব্যবস্থা করা হবে। পাশাপাশি গঙ্গাসাগরে তৈরি করা হচ্ছে বিশেষ মঞ্চ। সেখানে বিভিন্ন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়ে কীর্তনে অংশ নিতে পারবেন। বিভিন্ন রাজ্যের আধিকারিকদেরও ওই মঞ্চে উপস্থিত থাকার কথা।
পুণ্যার্থীদের যাতায়াতের ক্ষেত্রেও বড়সড় ব্যবস্থা নেওয়া হচ্ছে। নবান্ন সূত্রে খবর, যাতায়াতের জন্য রাখা হচ্ছে ২০টি বড় বার্জ। প্রতিটি বার্জে একসঙ্গে এক হাজারেরও বেশি মানুষ যাতায়াত করতে পারবেন। এ ছাড়াও কলকাতা থেকে গঙ্গাসাগরে পৌঁছনোর জন্য হেলিকপ্টার পরিষেবা চালু রাখার পরিকল্পনা রয়েছে। বেহালা ও কলকাতা বিমানবন্দর থেকে বিশিষ্ট ব্যক্তিরা হেলিকপ্টারে গঙ্গাসাগরে যেতে পারবেন। নির্ধারিত ভাড়া দিয়ে সাধারণ মানুষের জন্যও এই পরিষেবা ব্যবহারের সুযোগ থাকবে।
সব মিলিয়ে এবারের গঙ্গাসাগর মেলাকে ঘিরে নিরাপত্তা থেকে যাতায়াত, থাকা এবং পরিবেশবান্ধব আয়োজন—প্রতিটি ক্ষেত্রেই বাড়তি প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। রেকর্ড পুণ্যার্থীর ভিড় সামলে মেলাকে সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য।
