নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান— রাজ্যের স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো আরও উন্নত করতে নতুন পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্ডালে বেসরকারি ক্যানসার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানালেন, রাজ্যে আরও চারটি মেডিক্যাল কলেজ তৈরি করা হবে। ইতিমধ্যেই এই প্রকল্পগুলির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি ক্যানসার-সহ জটিল রোগের দামি ওষুধ সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে রাজ্যের সমস্ত হাসপাতালে খোলা হবে অমৃত মেডিসিন সেন্টার।
শুক্রবার অন্ডালে ৫০০ শয্যাবিশিষ্ট একটি বেসরকারি ক্যানসার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, সাধারণ মানুষ যাতে কম খরচে উন্নত চিকিৎসা পান, সেই লক্ষ্যেই একাধিক পদক্ষেপ করা হচ্ছে।
স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারত প্রকল্পের প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, রাজ্যের সাড়ে আট কোটি মানুষকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত নগদহীন চিকিৎসার সুবিধা দেওয়া হচ্ছে। তাঁর দাবি, এর মধ্যে সাড়ে ছয় কোটি মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় রয়েছেন। যাঁরা ওই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাঁদের জন্য রয়েছে মুখ্যমন্ত্রী হেলথ স্কিম।
ক্যানসার-সহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের বিপুল দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, দামি ওষুধ কিনতে গিয়ে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলিকে আর্থিক সমস্যার মুখে পড়তে হয়। সেই চাপ কমাতেই সরকারি উদ্যোগে অমৃত মেডিসিন সেন্টার চালু করা হবে। রাজ্যের সমস্ত হাসপাতালে এই ওষুধের কেন্দ্র খোলার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এর ফলে সাধারণ মানুষ তুলনামূলক কম দামে প্রয়োজনীয় ওষুধ কিনতে পারবেন।

এ দিন আগের সরকারের স্বাস্থ্য পরিষেবা নিয়েও সমালোচনা করেন শুভেন্দু। হাসপাতালের রোগীদের খাবারের বরাদ্দ নিয়ে তিনি বলেন, আগে তিনবেলার খাবারের জন্য মাথাপিছু বরাদ্দ ছিল ৫৬ টাকা ৪০ পয়সা। তাঁর দাবি, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেই বরাদ্দ বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে। পাশাপাশি হৃদরোগীদের চিকিৎসার জন্য রাজ্যের সমস্ত হাসপাতালে বিশেষ ব্যবস্থা গড়ে তোলার কথাও জানান তিনি।
বাংলার বাসিন্দাদের চিকিৎসার জন্য ভিনরাজ্যে যাওয়ার প্রবণতা নিয়েও আক্ষেপ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, বিদেশের মানুষ চিকিৎসার জন্য বাংলায় এলেও এ রাজ্যের বহু মানুষকে চিকিৎসার প্রয়োজনে ভেলোরে যেতে হয়। এই পরিস্থিতির পরিবর্তন করতে চান তাঁরা। রাজ্যেই যাতে উন্নত চিকিৎসার সমস্ত সুযোগ পাওয়া যায়, সেই লক্ষ্যেই স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণ করা হচ্ছে বলে আশ্বাস দেন শুভেন্দু।
নতুন চারটি মেডিক্যাল কলেজ, অন্ডালের ৫০০ শয্যার ক্যানসার হাসপাতাল এবং অমৃত মেডিসিন সেন্টার চালুর পরিকল্পনা বাস্তবায়িত হলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় নতুন সংযোজন হতে পারে। তবে ঘোষিত প্রকল্পগুলির কাজ কবে শুরু হবে এবং কবে সাধারণ মানুষ সেগুলির সুবিধা পাবেন, এখন সেদিকেই নজর থাকবে।
