সংবাদ কলকাতা: ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসির সাজা বহাল রাখার ৩৪ বছর পর ফের ধর্ষণ ও খুনের মামলায় মৃত্যুদণ্ডের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার হুগলির গুড়াপে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত অশোক সিংহের ফাঁসির সাজা বহাল রাখল উচ্চ আদালত। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। তবে সুপ্রিম কোর্টে আবেদন জানানোর সুযোগ দিতে আগামী তিন মাস সাজা কার্যকর করার উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
এই মামলায় এর আগে চুঁচুড়া পকসো আদালত অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অশোক। মঙ্গলবার নিম্ন আদালতের সাজাই বহাল রাখল ডিভিশন বেঞ্চ।
১৯৯০ সালের ৫ মার্চ কলকাতায় নিজের আবাসনের মধ্যে খুন হয়েছিলেন কিশোরী হেতাল পারেখ। ওই ঘটনায় ১৯৯১ সালে আলিপুরের দায়রা আদালত ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে মৃত্যুদণ্ড দেয়। পরে মামলা পৌঁছয় কলকাতা হাই কোর্টে। ১৯৯২ সালের ৭ আগস্ট উচ্চ আদালতও সেই সাজা বহাল রাখে। সুপ্রিম কোর্টেও বহাল থাকে মৃত্যুদণ্ডের নির্দেশ। শেষ পর্যন্ত ২০০৪ সালের ১৪ আগস্ট ধনঞ্জয়ের ফাঁসি কার্যকর হয়। তার পর দীর্ঘ ৩৪ বছরে কোনও ধর্ষণ ও খুনের মামলায় মৃত্যুদণ্ডের সাজা দেয়নি কলকাতা হাই কোর্ট। মঙ্গলবারের নির্দেশে সেই বিরল নজির ফিরল।

হুগলির গুড়াপে গত বছরের ২৪ নভেম্বর সন্ধ্যায় বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় পাঁচ বছরের শিশুটি। বাজারে যাওয়ার সময় মেয়েকে বাড়ির সামনে খেলতে দেখেছিলেন তার বাবা। ফিরে এসে মেয়েকে আর দেখতে পাননি তিনি। পরিবারের সদস্য এবং স্থানীয়েরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে প্রতিবেশী অশোক সিংহের বাড়ি থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। তার বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা দায়ের হয়।
দ্রুত বিচারপ্রক্রিয়া শেষ করে চুঁচুড়া আদালত অভিযুক্তকে মৃত্যুদণ্ডের সাজা শোনায়। গত ৯ ডিসেম্বর পুলিশ চার্জশিট জমা দেয়। ১১ ডিসেম্বর অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন হয়। এর পর এক মাসের মধ্যে ২৭ জনের সাক্ষ্যগ্রহণ-সহ বিচারপ্রক্রিয়া শেষ হয়। চুঁচুড়া পকসো আদালতের বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী অশোকের ফাঁসির নির্দেশ দেন। উল্লেখযোগ্য বিষয়, সাজা ঘোষণার দিনই ছিল নির্যাতিত শিশুটির জন্মদিন। মঙ্গলবার সেই মৃত্যুদণ্ডের নির্দেশই বহাল রাখল কলকাতা হাই কোর্ট।
