28 C
Kolkata
October 14, 2026
রাজ্য

ইভিএম জট কাটল, পুরভোটের পথে বড় পদক্ষেপ হাই কোর্টের

সংবাদ কলকাতা: আসন্ন পুর নির্বাচনের আগে বৈদ্যুতিন ভোটযন্ত্র বা ইভিএম নিয়ে জটিলতা কাটাতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। কলকাতা পুরসভার তিনটি ওয়ার্ড এবং কাঁথি পুরসভা-সংক্রান্ত মামলা বাদে, সংরক্ষিত থাকা অন্য ইভিএমগুলির তথ্য মুছে ফেলার নির্দেশ দিয়েছে আদালত। রাজ্য নির্বাচন কমিশনের বক্তব্য, পর্যাপ্ত ইভিএমের অভাবে পুর নির্বাচন আয়োজন নিয়ে সমস্যা তৈরি হচ্ছিল। আদালতের নির্দেশে সেই সমস্যা মেটানোর পথ খুলতে পারে বলে মনে করা হচ্ছে।

বুধবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। সেখানে রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, নভেম্বর-ডিসেম্বর মাসে পুর নির্বাচন করানোর জন্য তারা প্রস্তুত। তবে পর্যাপ্ত ভোটযন্ত্রের ব্যবস্থা করাই ছিল কমিশনের অন্যতম বড় চ্যালেঞ্জ।

কমিশনের বক্তব্য, অতীতের একাধিক পুর নির্বাচন ঘিরে মামলা চলায় বেশ কিছু ইভিএম সংরক্ষিত অবস্থায় রয়েছে। সেগুলির তথ্য মুছে ফেলে পুনরায় ব্যবহারের অনুমতি পাওয়া গেলে ভোট পরিচালনার ক্ষেত্রে সুবিধা হবে। এই পরিস্থিতিতে সংরক্ষিত ইভিএমের তথ্য মুছে ফেলার বিষয়ে আদালতের নির্দেশ চেয়েছিল কমিশন।

গত ১২ অক্টোবরের শুনানিতেও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিল প্রধান বিচারপতির বেঞ্চ। ইভিএমের তথ্য হার্ড ডিস্কে সংরক্ষণ করা সম্ভব কি না এবং পরবর্তী নির্বাচনে ব্যবহারের আগে পুরনো তথ্য মুছে ফেলা প্রয়োজন কি না, তা জানতে চেয়েছিল আদালত। কমিশনের তরফে জানানো হয়, তথ্য সংরক্ষণ এবং তা মুছে ফেলা—দুটিই সম্ভব। কিন্তু অতীতের মামলার কারণে কয়েকটি ইভিএম ব্যবহার করা যাচ্ছিল না।

শুনানিতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য জানান, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ কেবল কাঁথি পুরসভার ক্ষেত্রেই প্রযোজ্য। অন্য পুরসভাগুলির বিষয়ে কলকাতা হাই কোর্টে বিচারাধীন বিষয় রয়েছে। সেই আইনি অবস্থান বিবেচনা করেই সংরক্ষিত ভোটযন্ত্রের তথ্য মুছে ফেলার বিষয়ে নির্দেশ দিয়েছে আদালত।

নভেম্বর-ডিসেম্বর মাসে কলকাতা-সহ একাধিক পুরসভায় নির্বাচন হওয়ার সম্ভাবনা ঘিরে প্রস্তুতি চলছে। তবে ভোটের নির্দিষ্ট দিনক্ষণ, কোন কোন পুরসভায় একসঙ্গে নির্বাচন হবে এবং চূড়ান্ত নির্বাচনী বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে, সে বিষয়ে কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা রয়েছে।

Related posts

Leave a Comment