November 14, 2026
রাজ্য

গেমিংয়ের টাকা নিয়ে বিবাদ, বরাহনগরে তরুণী খুনে ধৃত প্রেমিক

নিজস্ব সংবাদদাতা, বরাহনগর— অনলাইন গেমিংয়ের অ্যাকাউন্টে জমা টাকা নিয়ে বিবাদের জেরেই কি খুন হতে হল ২৬ বছরের অঞ্জলি সাউকে? বরাহনগরকাণ্ডে তদন্তে নেমে এমনই সম্ভাবনার কথা জানতে পেরেছেন তদন্তকারীরা। ভিন্‌রাজ্য থেকে গ্রেপ্তার হওয়া অঞ্জলির পরিচিত ধর্মবীর কুমারকে শনিবার ব্যারাকপুর আদালতে পেশ করা হলে তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। খুনের প্রকৃত কারণ জানতে ধৃতকে আরও জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে অনলাইন গেমিংয়ের মাধ্যমে অঞ্জলি ও ধর্মবীরের পরিচয় হয়েছিল। জনপ্রিয় অনলাইন গেম পাবজি খেলতে গিয়েই দু’জনের আলাপ। দীর্ঘ সময় ধরে একই দলে খেলতে খেলতে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। অঞ্জলি যখন বরাহনগরে তাঁর দিদি ও জামাইবাবুর ফাঁকা ফ্ল্যাটে থাকতেন, তখন মাঝেমধ্যেই সেখানে যাতায়াত ছিল ধর্মবীরের।


তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অঞ্জলির গেমিং অ্যাকাউন্টে বেশ কিছু টাকা জমা ছিল। সেই টাকা ভাগাভাগি নিয়ে দু’জনের মধ্যে কোনও বিবাদ তৈরি হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে শুধু টাকার লেনদেনই খুনের কারণ, নাকি এর পিছনে অন্য কোনও বিষয় রয়েছে, তা এখনও নিশ্চিত নয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর ধর্মবীর ভিন্‌রাজ্যে পালিয়ে যান। তাঁকে সেখান থেকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে রাজ্যে নিয়ে আসা হয়। এরপর কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। তদন্তে বেশ কিছু নতুন তথ্য উঠে এলেও ঘটনার পুরো ছবি এখনও স্পষ্ট নয় বলে পুলিশ সূত্রে খবর।

গত মঙ্গলবার বরাহনগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের শীতলামাতা লেনের একটি বহুতলের ফ্ল্যাট থেকে অঞ্জলির দেহ উদ্ধার করে পুলিশ। অঞ্জলির দিদি ও জামাইবাবু বর্তমানে শ্রীরামপুরে থাকেন। বরাহনগরের ওই ফ্ল্যাটে মাঝেমধ্যে থাকতেন অঞ্জলি। ঘটনার দিন সেখানে গিয়েছিলেন ধর্মবীরও। বিকেলে তাঁকে ফ্ল্যাট থেকে বেরিয়ে যেতে দেখা যায়। বহুতলের সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরা পড়ে। শুরু থেকেই তাঁর গতিবিধি নিয়ে সন্দেহ ছিল তদন্তকারীদের।

অন্যদিকে, অঞ্জলির পরিবারের অভিযোগ ছিল, তাঁর মোবাইল ফোনের পাশাপাশি কিছু অলঙ্কারও উধাও হয়ে গিয়েছে। খুনের পর সেগুলি নিয়ে যাওয়া হয়েছিল কি না, সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।

ধৃতকে ১০ দিনের পুলিশি হেফাজতে নিয়ে ঘটনার পুনর্নির্মাণের পরিকল্পনা করছেন তদন্তকারীরা। অঞ্জলিকে কেন খুন করা হল, গেমিং অ্যাকাউন্টের টাকা নিয়ে বিবাদ কতটা গভীর ছিল এবং এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, সেই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

Related posts

Leave a Comment