July 11, 2026
রাজ্য

৮ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা, বাজেটের ১ লক্ষ কোটি যাচ্ছে ধার শোধে! বড় তথ্য মুখ্যমন্ত্রী শুভেন্দুর

হুগলি: পশ্চিমবঙ্গের আর্থিক পরিস্থিতি নিয়ে বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার হুগলির ডানকুনিতে লাক্স কোজির দ্বিতীয় উৎপাদন ইউনিটের শিলান্যাস অনুষ্ঠানে তিনি দাবি করেন, আগের দুই সরকারের আমলে বিপুল ঋণের বোঝা চাপানো হয়েছে রাজ্যের উপর। বর্তমানে সেই ঋণ শোধ করতেই বাজেটের বড় অংশ ব্যয় করতে হচ্ছে।

ডানকুনিতে ৬০০ কোটি টাকার বিনিয়োগে লাক্স কোজির নতুন উৎপাদন ইউনিটের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, শিল্পমন্ত্রী তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং পরিবহণমন্ত্রী অর্জুন সিং। শিল্পায়নের মাধ্যমে বাংলার অর্থনীতিকে নতুন গতি দেওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, একসময় রাজ্যের অর্থনীতি দেশের অন্যতম শক্তিশালী ছিল। তাঁর দাবি, বামফ্রন্ট সরকার ক্ষমতা ছাড়ার সময় রাজ্যের ঋণের পরিমাণ ছিল প্রায় ২ লক্ষ কোটি টাকা। পরবর্তী সময়ে সেই ঋণ বেড়ে বর্তমানে ৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, বর্তমান রাজ্য সরকারকে উন্নয়নের পাশাপাশি সেই ঋণের কিস্তি ও সুদও পরিশোধ করতে হচ্ছে। তিনি জানান, ৪ লক্ষ ৩৮ হাজার কোটি টাকার রাজ্য বাজেটের মধ্যে প্রায় ১ লক্ষ কোটি টাকা শুধুমাত্র পুরনো ঋণ শোধের জন্য ব্যয় হচ্ছে।

তিনি আরও বলেন, রাজ্যের আর্থিক অবস্থাকে শক্তিশালী করতে শিল্পায়নই সবচেয়ে বড় হাতিয়ার। নতুন বিনিয়োগ এলে কর্মসংস্থান যেমন বাড়বে, তেমনই সরকারের রাজস্বও বৃদ্ধি পাবে। তাঁর দাবি, শিল্প সম্প্রসারণের মাধ্যমে আগামী দিনে বছরে প্রায় ১ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব অর্জনের লক্ষ্য নিয়েছে সরকার।

মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গকে ফের দেশের অন্যতম শিল্পোন্নত রাজ্যে পরিণত করাই সরকারের লক্ষ্য। ডবল ইঞ্জিন সরকারের সুবিধা কাজে লাগিয়ে নতুন শিল্প, কর্মসংস্থান এবং পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে রাজ্যের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার ওপর জোর দেন তিনি।

Related posts

Leave a Comment