November 14, 2026
খেলা

গুজরাতে যাচ্ছেন হর্ষল, অর্ধেক বেতনে নতুন দল

সংবাদ কলকাতা: আইপিএলের দলবদলের বাজারে ফের বড় খবর। ট্রেডিংয়ের মাধ্যমে নতুন দলে যোগ দিতে চলেছেন অভিজ্ঞ ভারতীয় পেসার হর্ষল পটেল। সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে শুভমন গিলের গুজরাত টাইটান্সে যোগ দিতে চলেছেন তিনি। চার কোটি টাকার বিনিময়ে এই দলবদল চূড়ান্ত হতে চলেছে বলে খবর।

ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, এই দলবদলে কোনও ক্রিকেটার বিনিময় হচ্ছে না। অর্থাৎ হায়দরাবাদ থেকে হর্ষল গুজরাতে গেলেও, গুজরাতের কোনও ক্রিকেটারকে হায়দরাবাদে পাঠানো হচ্ছে না। সরাসরি অর্থের বিনিময়েই এই চুক্তি হচ্ছে। উল্লেখযোগ্য বিষয়, আগের বেতনের তুলনায় অর্ধেকেরও কম অর্থে নতুন দলে খেলতে হবে হর্ষলকে। হায়দরাবাদে তাঁর বার্ষিক বেতন ছিল আট কোটি টাকা। গুজরাতে তা কমে হচ্ছে চার কোটি টাকা।



২০১২ সালে আইপিএলে অভিষেক হয়েছিল হর্ষলের। গুজরাতে যোগ দিলে এটি হবে তাঁর পঞ্চম আইপিএল দল। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন তিনি।

২০২৫ সালের নিলামে আট কোটি টাকা দিয়ে হর্ষলকে দলে নিয়েছিল হায়দরাবাদ। প্রথম মরসুমে ১৩টি ম্যাচ খেলে ১৬টি উইকেট নিয়েছিলেন তিনি। কিন্তু পরের মরসুমে প্রত্যাশা অনুযায়ী সুযোগ পাননি এই পেসার। সাকিব হুসেন এবং প্রফুল হিঙ্গের মতো তরুণ বোলারদের কারণে প্রথম একাদশে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছিল তাঁর। পাঁচটি ম্যাচ খেলেও কোনও উইকেট পাননি।

তবে আইপিএলে হর্ষলের অতীত রেকর্ড যথেষ্ট উজ্জ্বল। ২০২১ সালে বেঙ্গালুরুর হয়ে ৩২টি উইকেট নিয়ে বেগনি টুপি জিতেছিলেন তিনি। এর আগে পঞ্জাবের হয়েও ২৪টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির স্বীকৃতি পেয়েছিলেন।

৩৬ বছর বয়সি হর্ষলের কাছে গুজরাতে যোগ দেওয়ার বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি আমদাবাদেরই ছেলে। ফলে প্রথম বার আইপিএলে নিজের শহরের দলের হয়ে খেলার সুযোগ পেতে চলেছেন এই পেসার। কয়েক বছর ধরেই ঘরোয়া ক্রিকেটে গুজরাতের হয়ে খেলছেন তিনি।

গুজরাতের বোলিং বিভাগেও যথেষ্ট শক্তিশালী সঙ্গী পেতে চলেছেন হর্ষল। দলে রয়েছেন কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং জেসন হোল্ডারের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন মরসুমে গুজরাতের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করার দায়িত্ব থাকবে হর্ষলের উপর। নতুন দলের জার্সিতে পুরনো ছন্দ ফিরে পান কি না, এখন সেটাই দেখার।

Convert to PDF

Related posts

Leave a Comment